সিংহ এমন এক প্রাণী যার নাম শুনলেই মানুষের গলা ভয়ে শুকিয়ে আসে। অভিজ্ঞ শিকারিরাও পশুরাজের সামনে ভয়ে মাথা নত করতে বাধ্য হন। কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তার দু’পাশে বসে থাকা সিংহের পালের সামনে দিয়ে হেঁটে আসতে দেখা গেল এক নির্ভীক সাধুকে! তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। স্বাভাবিক ভাবেই তা নেটাগরিকদের মেরুদণ্ড দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় বনের এক চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। শুরুতে ভিডিয়োটি মনোরম মনে হলেও, ক্যামেরা জ়ুম করার সঙ্গে সঙ্গে সুন্দর দৃশ্যটি এক ভয়াবহ দৃশ্যে পরিণত হয়। ক্যামেরা জুম করার পর দেখা যায়, বনের মধ্যে রাস্তার দু’পাশে বসে রয়েছে এক দল সিংহ। আর মাঝখান দিয়ে নির্ভয়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। তাঁর শরীরে গেরুয়া বসন। দেখে মনে হচ্ছে, তিনি এক জন সাধু। যদিও বৃদ্ধকে দেখে সিংহগুলির মধ্যে কোনও তাপ-উত্তাপ নেয়। বৃদ্ধের দিকে তেড়েও যাচ্ছে না তারা। দেখে মনে হচ্ছে যেন এটি তাদের কাছে নিত্য দিনের ঘটনা এবং তারা এতে অভ্যস্ত। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বৃদ্ধের এই নির্ভয় আচরণের বিষয়টি আসল না কি সাজানো, তা নিয়ে অনলাইনে বিতর্কও শুরু হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোশন গরদ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটিকে নিয়ে আলোচনা-বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হচ্ছে যমরাজ ছুটিতে রয়েছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অবিশ্বাস্য! সিংহ যে কখন আক্রমণাত্মক হয়ে উঠবে বলা মুশকিল।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি কি আদৌ সত্যি? সন্দেহ হচ্ছে।’’