Advertisement
E-Paper

উত্তরাখণ্ডে বিভীষিকা! ভারী বৃষ্টিতে তীব্র জলস্রোত, কাগজের মতো ভেসে গেল ধাতব সেতু, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কাদামিশ্রিত বিপুল জলরাশি তীব্র বেগে উপত্যকার ঢাল বেয়ে ধেয়ে আসছে। সেই জলরাশি এসে উপত্যকার একটি ধাতব সেতুতে সজোরে ধাক্কা মারে। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের প্রচণ্ড তোড়ে উপড়ে যায় সেতুটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১০:৩৭
Video shows metal bridge swept away due to strong currents of river in Uttarakhand

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে সৃষ্ট তীব্র স্রোতে ভেসে গেল আস্ত সেতু! পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের চামোলি জেলায় নীতি উপত্যকা অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে ক্যামেরায়। জলের তোড়ে সেতু ভেসে যাওয়ার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কাদামিশ্রিত বিপুল জলরাশি তীব্র বেগে উপত্যকার ঢাল বেয়ে ধেয়ে আসছে। সেই জলরাশি এসে উপত্যকার একটি ধাতব সেতুতে সজোরে ধাক্কা মারে। কয়েক সেকেন্ডের মধ্যে জলের প্রচণ্ড তোড়ে উপড়ে যায় সেতুটি। নদীর তীরের দিকে সরে যায়। এর কিছু ক্ষণের মধ্যে জলের তোড়ে ভেসে যেতে দেখা যায় সেতুটিকে। ভিডিয়োয় নদীর ধারের রাস্তায় থাকা একটি ট্রাক ও একটি এসইউভি-কেও দেখা গিয়েছে, যা চোখের সামনে ঘটতে থাকা এই বিপর্যয় থেকে বাঁচতে ঠিক সময়েই দিক পরিবর্তন করে সরে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ধাতব সেতুটি ভেসে যাওয়ায় এলাকাটি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষকে ওই এলাকায় যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত পর্যটকদের যাত্রাও স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, উপত্যকার নদী এবং ঝর্নার তীরে বসবাসকারী মানুষদের নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

উত্তরাখণ্ডের নীতি উপত্যকায় ধাতব সেতু ভেসে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, উত্তরাখণ্ড দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন বিভাগের সচিব বিনোদকুমার সুমন জানিয়েছেন যে রবিবার রাত থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে দেহরাদূন, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাওয়াত। তিনি আরও জানান যে, ভূমিধস-প্রবণ এলাকাগুলিতে তাঁরা সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছেন এবং এমন পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়ে মানুষকে অবহিত করছেন।

Viral Video Uttarakhand flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy