স্কুটিতে চেপে ঘণ্টায় ৮০ কিমি বেগে মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করলেন দুই বোন! বাইকে ধাক্কা দিয়ে অভিযুক্ত যুবককে ফেলেও দিলেন তাঁরা। তার পর উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। দুই বোনের অসাধারণ সাহস এবং উপস্থিত বুদ্ধির সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গ্বালিয়রের পাডভ থানা এলাকায়। মুরারের সিপি কলোনির বাসিন্দা দুই বোন হর্ষিতা ও রসিতা অগ্রবাল স্কুটি করে কলেজে যাওয়ার সময় এই পরিস্থিতির সম্মুখীন হন। পুলিশের তথ্য অনুযায়ী, দুই বোন যখন পাডভের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন বাইকআরোহী এক যুবক পিছন থেকে তাঁদের কাছে আসেন। স্কুটারের পিছনের আসনে বসা রসিতার হাত থেকে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেন তিনি। চুরি করার পর পরই অভিযুক্ত যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সাহস হারাননি দুই বোন। তাঁরা থেমে যাওয়া বা চিৎকার করে সাহায্য চাওয়ার পরিবর্তে ছিনতাইকারীকে ধাওয়া করার সিদ্ধান্ত নেন। দ্রুত স্কুটি চালিয়ে সন্দেহভাজনকে অনুসরণ করেন তাঁরা। কাছে গিয়ে স্কুটির ধাক্কায় বাইক-সহ যুবককে ফেলে দেন রাস্তায়। দুই বোন দ্রুত যুবককে জাপটে ধরেন এবং চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় কয়েক জন বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যুবককে। জানা গিয়েছে, মোবাইল চোরকে ধাওয়া করতে ব্যস্ত রাস্তায় প্রায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে স্কুটি চালিয়েছিলেন হর্ষিতা এবং রসিতা। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই যুবকের নাম মনপ্রীত। তাঁর বাড়ি পঞ্জাবে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে তিনি জানান যে, মাত্র দু’দিন আগেই তিনি গ্বালিয়রে এসেছিলেন এবং একটি পিৎজ়া দোকানে ডেলিভারি বয় হিসাবে কাজ করছিলেন। ঘর ভাড়া নেওয়ার জন্য টাকার প্রয়োজন হওয়ায় তিনি মোবাইল চুরি করেছিলেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তির কলার ধরে তাঁকে বার বার চড় মারছেন দুই তরুণী। চিৎকার করছেন। যুবক তাঁদের আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। হাত চলতে থাকে দুই বোনেরই। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পাঠশালাগুরুজি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর দুই বোনের সাহসিকতার প্রশংসা করছেন নেটাগরিকেরা।