অনেকগুলি সাপ উদ্ধারের পর তাদের লেজ ধরে নিয়ে আসছিলেন উদ্ধারকারী। তখনই ঘটে গেল বিপত্তি। শরীর বেশ খানিকটা শূন্যে তুলে সর্প উদ্ধারকারীর ঘা়ড়ে ছোবল বসাল একটি সাপ! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট-বড়-মাঝারি মাপের বেশ কয়েকটি সাপ উদ্ধার করে হেঁটে আসছেন এক প্রৌঢ়। সাপগুলির লেজ ধরে রেখেছিলেন তিনি। তাঁকে ঘিরে স্থানীয়দের ভিড়। বিস্মিত চোখে সবাই দেখছিলেন সাপগুলিকে। তখনই ঘটে যায় অনভিপ্রেত একটি ঘটনা। প্রৌঢ় যে সাপগুলি নিয়ে হাঁটছিলেন, তার মধ্যে একটি বড় সাপ নিজের শরীর শূন্যে বেশ খানিকটা তুলে তাঁর ঘাড়ে কামড় বসায়। থমকে যান প্রৌঢ়। যন্ত্রণায় তাঁর চোখ-মুখ কুঁকড়ে যায়। ঘাড় চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পড়েন। তার পর আবার এগিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যম এক্সে শেয়ার করা হয়েছে ‘মণীশ মিনা’ নামের হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্যই আমি সাপ দেখলে একশো হাত দূরে পালায়। প্রৌঢ় কেমন আছেন, কে জানে!’’