দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাজকর্মে (এসবিএসটিসি) নানা অনিয়ম হয়েছে, এই অভিযোগে বুধবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই স্মারকলিপি দেন সংস্থা কর্তৃপক্ষকে। গ্রামীণ এলাকায় বন্ধ হয়ে যাওয়া পরিষেবা ও নতুন রুটে বাস চালু করার আর্জি জানান বিধায়ক।
এ দিন লক্ষ্মণ দলের নেতাদের নিয়ে সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে সংস্থায় প্রচুর অনিয়ম হয়েছে। বহু গ্রামীণ রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান সুভাষ মণ্ডলের বিরুদ্ধে নিগমের সম্পত্তি অপব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি। সুভাষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। লক্ষ্মণ বলেন, “রাজনৈতিক যোগ দেখে কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বিজেপিকে সমর্থন করায় অনেক ঠিকা কর্মীর কাজ কেড়ে নেওয়া হয়েছে। স্থায়ী কর্মীদের দূরে বদলি করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, এমন এক কর্মীর পারিবারিক অবস্থা সঙ্কটজনক হওয়া সত্ত্বেও তাঁকে বদলি করা হয়। তেমন কর্মীদের দুর্গাপুরে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বলে জানান তিনি।
বিধায়কের আরও অভিযোগ, অনেকে ইএসআই, পিএফ পান না। পদোন্নতি আটকে রাখা হয়েছে। তিনি বলেন, “কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটা বিচার্য নয়। যাঁরা যোগ্য, তাঁরা থাকবেন। অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” বিধায়ক জানান, অতীতে বামনাবেড়া হয়ে দুর্গাপুর থেকে আমলাজোড়া পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল। রুটটি বন্ধ হয়ে যাওয়ায় নডিহা, শ্যামপুর, মোবারকগঞ্জ, মানিকআড়া, বিহারপুর প্রভৃতি এলাকার বাসিন্দাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তিনি জানান, এসবিএসটিসির কাছে এই রুটে নতুন বাস চালুর দাবি জানিয়েছিলেন। দ্রুত সেই বাস চালু হবে। এ ছাড়া, দুর্গাপুর থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ ও পুরী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত এবং দুর্গাপুর শহরে রাতে নিয়মিত বাস পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
এসবিএসটিসি কর্তৃপক্ষ বিধায়কের দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।