পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বাড়ি থেকে দু’লক্ষেরও বেশি ট্যাবলেট এবং গুচ্ছ গুচ্ছ সিরাপের বোতল উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, বাড়ির ভিতরেই ওই ওষুধের ভান্ডার গড়ে তোলা হয়েছিল সকলের চোখ এড়িয়ে। কোনও নিষিদ্ধ চক্রের সঙ্গে এর যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধান পার্কের সেক্টর ২-এর একটি বাড়িতে গত সোমবার, ২ নভেম্বর তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানে বিপুল পরিমাণ ওষুধ মজুত করে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর পান আধিকারিকেরা। ১বি/২৭ নম্বর ওই বাড়ির মালিকের নাম সুদীপকুমার মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বাড়িতে ৪৭৪টি বাক্সে মোট ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি অ্যালপ্রাজ়োলাম ট্যাবলেট রাখা ছিল। প্রতিটি ট্যাবলেটের মাত্রা ০.৫ মিলিগ্রাম। ২৮৫ বোতল সিরাপও উদ্ধার করেছে পুলিশ। তাতে মোট সিরাপের পরিমাণ প্রায় ২৯ লিটার। উদ্ধারকৃত যাবতীয় সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। অভিযোগ, এই ওষুধ ও সিরাপ কোথা থেকে এল, কী উদ্দেশ্যে সেগুলি আনা হয়েছে, তার কোনও সদুত্তর বাড়ির মালিক দিতে পারেননি। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, উদ্ধারকৃত ওই ট্যাবলেট ঘুম, ঝিমুনি, স্নায়ুকে শিথিল করার কাজে ব্যবহার করা যেতে পারে। সিরাপটিতেও নেশার উপাদান রয়েছে। ফলে এর নেপথ্যে বড় কোনও ওষুধের চক্র কাজ করতে পারে বলে তদন্তকারীদের অনুমান। ধৃতকে হেফাজতে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত পরিমাণ ওষুধ কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল বাড়ির মালিকের, তা খতিয়ে দেখা হচ্ছে।