সমাজমাধ্যমে হোটেলের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। লেখা হয়েছে ‘কাপল ফ্রেন্ডলি’। সেই নিয়ে বিতর্কে পূর্ব বর্ধমানের ১১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের একটি হোটেল। শক্তিগড় বাইপাস সংলগ্ন ওই হোটেলের বিজ্ঞাপনের ‘ভাষা’ এবং ‘প্রচারের ধরন’ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পাল্টা যুক্তিও আসছে। সবমিলিয়ে আড়াআড়ি বিভক্ত সমাজমাধ্যম।
শক্তিগড়ের হোটেল কর্তৃপক্ষ সমাজমাধ্যমে তাদের পরিষেবা সংক্রান্ত তথ্য দিয়েছে। বিজ্ঞাপনে তারা যুগলদের আকর্ষিত করতে চেয়েছে। লেখা হয়েছে, ‘কাপল ফ্রেন্ডলি’ রুম রয়েছে। ‘অল্প খরচে এসি ও নন-এসি’ ঘর দেওয়ার পাশাপাশি ‘রুম এভেলেবল’ বলে প্রচার করা হয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন:
হোটেলে ঘর বুকিংয়ের জন্য যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের একাংশের দাবি, এমন বিজ্ঞাপনী প্রচার সস্তা এবং সংস্কৃতিবিরোধী। কারও মতে, প্রাপ্তবয়স্ক যুগলের হোটেলে থাকার ক্ষেত্রে আপত্তির কিছু নেই। বেআইনিও নয়। কিন্তু বিজ্ঞাপনের উপস্থাপনা এবং প্রচারের প্রক্রিয়া, ভাষা ইত্যাদি নিয়ে সচেতন থাকা জরুরি। অন্য দিকে, সমাজমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, ওই হোটেল আদৌ প্রয়োজনীয় নিয়ম এবং প্রশাসনিক বিধি মেনে চলে কি না। কেউ কেউ প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন। ‘কাপল ফ্রেন্ডলি’ বিজ্ঞাপন দেওয়ায় হোটেলের পরিষেবা, লাইসেন্স ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি নিয়ে প্রশাসনিক নজরদারির দাবি উঠছে।
অন্য দিকে, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক বার যোগাযোগের চেষ্টা করে হয়েছে। তাঁরা ফোন ধরেননি।