বাতানুকূল যন্ত্রের দোকান থেকে যন্ত্রাংশ চুরি করে ট্যাক্সিতে চেপে চম্পট দিয়েছিল চোরেরা। এই মামলায় আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বার সেই ঘটনায় একটি বাতানুকূল যন্ত্রের দোকানিকে গ্রেফতার করল বৌবাজার থানা। ধৃতের নাম দশরথ মৌর্য। তাকে বৃহস্পতিবার মানিকতলা মোতি মার্কেট থেকে ধরা হয়। সেখানেই তার সেকেন্ড হ্যান্ড বাতানুকূল যন্ত্রের দোকান আছে। এই ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া তিন জনের নাম মহম্মদ আলাউদ্দিন, আব্দুল কাশেম এবং মহম্মদ শামিম রহমান।
পুলিশ সূত্রের খবর, চলতি মাসে চাঁদনি চকের একটি দোকানে চুরির ঘটনাটি ঘটে। দোকানের সামনে ফুটপাতে রাখা ছিল বাতানুকূল যন্ত্রের বিভিন্ন অংশ। সেগুলি ট্যাক্সিতে তুলে নিয়ে পালায় আলাউদ্দিন, কাশেম ও শামিম। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, ওই সব চোরাই যন্ত্রাংশ কিনেছে দশরথ।
এ দিন দশরথকে আদালতে হাজির করা হলে বিচারক ২০ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে, বাকি তিন ধৃতকে জামিন দিয়েছে কোর্ট।