৩৫০০০ ফুট উচ্চতায় করবা চৌথ পালন পরিণীতির! দিদি প্রিয়ঙ্কার পথেই হাঁটলেন বোন?
৩৫০০০ ফুট উচ্চতায় স্বামী রাঘব চড্ডার সঙ্গে করবা চৌথ পালন করলেন পরিণীতি চোপড়া। কিন্তু কী ভাবে?
তারকাদের জীবনযাপন যেন সত্যিই ঈর্ষণীয়। ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়ার করবা চৌথের কথা মনে আছে? দীর্ঘ অপেক্ষার পরে চাঁদের দেখা না পাওয়ায় নিকের সঙ্গে ব্যক্তিগত বিমানে চেপে নিজেই পৌঁছে গিয়েছিলেন মেঘের দেশে।
ভূপৃষ্ঠ থেকে কয়েকশো ফুট উপরেই উপবাস ভেঙে পালন করেছিলেন অনুষ্ঠান। এ বার সেই একই পথে হাঁটলেন বোন পরিণীতি চোপড়া।
৩৫০০০ ফুট উচ্চতায় স্বামী রাঘব চড্ডার সঙ্গে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী। কিন্তু কী ভাবে?
গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ছিল এই বিশেষ ব্রত পালনের উৎসব। সেই সূত্রেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, রাঘবের সঙ্গে বিমানে চড়েছেন তিনি।
বিমানের জানলা দিয়েই চাঁদ দেখছেন নায়িকা। আর স্ত্রীকে খাবার ও জল খাইয়ে তাঁর উপবাস ভাঙছেন রাঘব। উড়ানেই একে অপরের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উপভোগ করলেন তারকা দম্পতি।
আরও পড়ুন:
ক্যামেরাবন্দি এই মুহূর্ত অভিনেত্রী তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি।
ক্যাপশনে লেখা, ‘আমরা যেখানে, আমাদের করবা চৌথও সেখানে…’ সেই সঙ্গেই জুড়েছেন স্বামী রাঘবের প্রতি ভালবাসাও।
পরিণীতি লেখেন, ‘তুমিই আমার স্বপ্ন সত্যি করেছ রাঘাই। তুমি এক জন সেরা পুরুষ, সেরা মানুষ এবং এক জন সেরা সঙ্গী।’
সেই সঙ্গে নায়িকা এ-ও জানান, আসলে তাঁদের ফ্লাইটের সময় পিছিয়ে যায় এ দিন। আর সেই কারণেই শেষ পর্যন্ত বিমান থেকে চাঁদ দর্শন সম্ভব হয় তাঁর।
আরও পড়ুন:
যদিও এমনটা ঘটায় বেশ খুশিই হয়েছেন পরিণীতি। ক্যাপশনে যোগ করেন, ‘ঘর থেকে চাঁদ দেখার পরিবর্তে বিমানে বসেই দেখতে পেলাম। আর সঙ্গে সঙ্গেই সেরে ফেললাম আমাদের করবা চৌথ।’ (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)