দূষণও কাটবে আবার উপচে পড়বে সমৃদ্ধিও! ধনতেরাসে কোন ৭টি গাছ ঘরে আনা ভাল?
শুধুমাত্র পরিবেশ সচেতনতা বা সৌন্দর্য্য বাড়ানোর জন্যই নয়, ঘরের শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনার জন্যও লাগানো হয় গাছ। কোন কোন গাছ শুভ ধনতেরাসে ঘরে কোন কোন গাছ লাগাতে পারেন জানেন কী?
উৎসবের মরসুমে ঘর সাজাতে আলোর পাশাপাশি ইনডোর প্ল্যান্ট বা অন্দরসজ্জার গাছ এখন আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। পরিবেশবিজ্ঞানীদের মতে, ঘরের ভেতরের বাতাসে জমে থাকা বেনজিন, ফর্ম্যালডিহাইডের মতো অদৃশ্য দূষিত কণা দূর করতে কিছু নির্দিষ্ট ইনডোর প্ল্যান্ট অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়।
অন্য দিকে, লোকবিশ্বাস ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, সতেজ সবুজ পাতা ঘরে প্রাণবন্ত পরিবেশ ও ইতিবাচক শক্তি সঞ্চার করে। সামনেই ধনতেরস। তার আগে বাড়িকে আরও সজীব করে তুলতে কোন কোন গাছ বেছে নিতে পারেন? রইল সেই হিসেব।
মানি প্ল্যান্ট: বসার ঘরের কোণে বা ঝুলন্ত প্ল্যান্টারে রাখতে পারেন এই গাছ। হৃদয়াকৃতির সবুজ পাতা ঘরে সতেজ ভাব আনে। প্রচলিত বিশ্বাসে এটি সমৃদ্ধির প্রতীক।
পিস লিলি: আলো আসে এমন জায়গায় রাখতে পারেন এই গাছ। সাদা ফুল ও গাঢ় সবুজ পাতা ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এই গাছের মাটি সামান্য আর্দ্র রাখতে হয়। এই গাছ ঘরে শান্তি ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়।
লাকি ব্যাম্বু: অল্প জায়গাতেই জলভর্তি কাচের পাত্রে বা নুড়িপাথরে খুব সুন্দর বেড়ে ওঠে এই গাছ। বিজ্ঞানের দিক থেকে এটি ইনডোর আর্দ্রতা বজায় রাখতে সহায়ক। ফেং শুই ও বাস্তুর চিরাচরিত নিয়ম অনুসারে, এটি বৃদ্ধি ও সৌভাগ্যের পরিচায়ক। বাড়ির প্রবেশপথে এই গাছ শুভ বলে মানা হয়ে থাকে।
আরও পড়ুন:
জেড প্ল্যান্ট: দেখতে খুবই সুন্দর। পর্যাপ্ত আলো ঢোকে ঘরের এমন জায়গায় এই গাছ রাখা উচিত। ঘরের শ্রীবৃদ্ধি তো বটেই প্রচলিত বিশ্বাসে এই গাছকে অর্থ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়।
এরিকা পাম: বসার ঘরের ফাঁকা কোণে খুব ভাল লাগে এই গাছ। পালকের মতো পাতায় ঘরে সুন্দর ছোঁয়া আসে। উৎসবের সময় প্রদীপ ও ফুলের সাজের পাশেও মানায়। উজ্জ্বল সবুজ পাতা উৎসবের আলোকসজ্জার পাশে ঘরে এক ধরনের প্রাকৃতিক স্নিগ্ধতা তৈরি করে।
স্নেক প্ল্যান্ট: শোবার ঘরের কোনে বা জানালার পাশে রাখলে ভাল লাগে এই গাছ।সোজা লম্বা পাতায় ঘরে আধুনিক সাজ তৈরি হয়। যত্নও তুলনামূলক সহজ। এই গাছের পিছনে খুব একটা খাটনিও নেই। স্বল্প রক্ষণাবেক্ষণেই ভালভাবে বেড়ে ওঠে গাছটি।
রাবার প্ল্যান্ট: বড় পাতার কারণে বাতাস থেকে ধূলিকণা ও ভারী টক্সিন শুষে নেওয়ার ক্ষমতা এই গাছের বেশি। ঘরেও স্থিতি আনে বলে বিশ্বাস।
আরও পড়ুন:
গাছ ঘরে রাখলেই যে সৌভাগ্য আসবে বিজ্ঞান তা মানে না। তবে জীবন সুন্দর, সুস্থ করে তুলতে এর বিকল্প কেউই অস্বীকার করতে পারেন না।
তবে মাথায় রাখবেন, বাড়িতে পোষ্য থাকলে মানি প্ল্যান্ট, পিস লিলি, জেড প্ল্যান্ট ইত্যাদি গাছ তাদের নাগালের বাইরে রাখুন। এগুলির রস বা পাতা চিবিয়ে ফেললে পোষ্যদের পেটের সমস্যা বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।