পুজোর শেষ দিন। মা দুর্গার বিদায় বেলায় সকলে মেতে উঠেছে সিঁদুর খেলা-মিষ্টিমুখে।
কলকাতার ঐতিহ্যবাহী পারিবারিক পুজোগুলোতেও দেখা গেল দশমীর চেনা দৃশ্য। কলকাতার মল্লিক বাড়ির পুজোতে যেমন গোটা পরিবার একত্র হয়েছিল দশমীতে। এক শতক পার করেছে এই পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করে আসছে শহরের অন্যতম এই বনেদি পরিবার। অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মেয়ে কোয়েল মল্লিকের বাড়ির পুজো এটি।
প্রতি বছরের মতো এ বারও কোয়েলকে তাঁর বাড়ির পুজোয় দেখা গেল সাবেক বাঙালি সাজে। লাল পাড় সাদা শাড়ি, খোঁপা বাঁধা চুল আর হালকা গয়নায় যথারীতি ভারী সুন্দর লাগছিল তাঁকে। অভিনেত্রী-জীবনের জাঁকজমক সরিয়ে এই সাজে কোয়েল যেন আর পাঁচটা বাঙালি ঘরের বিবাহিতা মেয়ের মতোই স্নিগ্ধ, সাদামাঠা।
মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মেতে ওঠেন কোয়েলও। তার পরে শুরু হয় বিজয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালবাসা জানানোর পালা।
অভিনেত্রী জানান, আজকের দিনে মন খারাপ হলেও মাকে হাসিমুখে বিদায় জানাতেই হয়। তার পরে ফের অপেক্ষা একটা গোটা বছর জুড়ে। বারো মাস পেরিয়ে আবার ঘরের মেয়ে উমা ফিরবে ঘরে। জানিয়েছেন সকলকে
তখন বিসর্জনের তোড়জোড় চলছে। ঢাকের বাদ্যিতে মুখরিত মল্লিকবাড়ির উঠোন। কোয়েলের বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা গেল নিজের নাতি, অর্থাৎ কোয়েলের ছেলের সঙ্গে নাচে মতোয়ারা হতে। ঢাকের তালে নেচে উঠেছে ছোট্ট কবীরও। দশমীর বিদায়বেলায় ঘিরে ধরে একরাশ বিষাদ। তার মধ্যেই আনন্দে মেতে উঠেছে মল্লিক পরিবার। বছর পেরোলেই যা আবার ফিরবেন মা দুর্গা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।