বিজয়া দশমীর সন্ধ্যায় সল্টলেকে রাবণ দহনের অনুষ্ঠানে তারকাদের সমাবেশ। করুণাময়ী সেন্ট্রাল পার্কে সল্টলেক সাংস্কৃতিক সংসদ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর কপূর, দক্ষিণী তারকা যশ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসন্ন ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন ছবির কলাকুশলীরা। তাঁদের দেখতে অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। শিশু থেকে প্রবীণ—উৎসবের সন্ধ্যায় দর্শকের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বাল্মীকির রামায়ণ অবলম্বনে তৈরি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ তৈরি করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ছবিটি ৫ নভেম্বর দেশ জুড়ে মুক্তি পাওয়ার কথা। রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সনী দেওল। ছবির প্রচারের অংশ হিসাবেই বিজয়া দশমীর অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেন রণবীর ও যশ। তাঁদের ছবি দেখার পাশাপাশি পরিচিতদের মধ্যেও ছবির কথা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান দুই অভিনেতা।
দশমীর শুভেচ্ছা জানিয়ে রণবীর বলেন, ‘অশুভ শক্তি যতই চেষ্টা করুক না কেন, দিনের শেষে জয় সত্যের এবং শুভ শক্তিরই হয়। ভালবাসা এবং খুশি ভাগ করে নিন। সকলকে দশমীর শুভেচ্ছা, জয় শ্রী রাম।’
কলকাতার সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথাও তুলে ধরেন যশ। ২০০৪-০৫ সালে নান্দীকারের একটি নাটকে যোগ নিতে কলকাতায় এসেছিলেন তিনি। সেই সূত্রেই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয় বলে জানান অভিনেতা। যশের কথায়, ‘আমার অভিনয়ের শুরু কিন্তু এই কলকাতা থেকেই বলা চলে। এখানে এসে সকাল থেকে সন্ধ্যা প্রচুর মিষ্টি খেয়েছিলাম—রসগোল্লা, গোলাপজাম। কলকাতার মানুষও খুব মিষ্টি।’
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চোরবাগানের ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন করেন মুখ্যমন্ত্রী, ছবির কলাকুশলী-সহ উপস্থিত সকলে।
রাবণ দহনের মঞ্চে এক দিকে ছিল বিজয়া দশমীর উৎসব, অন্য দিকে আসন্ন ‘রামায়ণ: পার্ট ওয়ান’-কে ঘিরে দর্শকের আগ্রহ। সেই মঞ্চ থেকেই সত্য ও শুভ শক্তির জয়ের বার্তা দিলেন রণবীর। আর কলকাতার সঙ্গে নিজের পুরনো সম্পর্কের স্মৃতি ভাগ করে নিলেন যশ।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।