সুজিতের হাত ধরেই বিদেশের পুজোয় প্রথম সিঁদুরখেলা! রাঁধলেন ইলিশ ভাপা, আর কী ঘটল তনুশ্রীর সংসারে?
আটলান্টায় বিয়ের পর প্রথম দুর্গা পুজো কাটালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কেমন কাটলো তাঁর পুজো? শহর থেকে এত দূরে বিদেশে এই প্রথম পুজোতে কী কী করলেন তিনি? জানালেন আনন্দবাজার ডট কম-কে।
সুদুর আমেরিকার আটলান্টায় বিয়ের পর প্রথম দুর্গা পুজো কাটালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কেমন কাটলো তাঁর পুজো? শহর থেকে এত দূরে বিদেশে এই প্রথম পুজোতে কী কী করলেন তিনি? জানালেন আনন্দবাজার ডট কম-কে।
তিনি বললেন, 'বিয়ের পর এটা আমার প্রথম পুজো তাই এটা একটু বিশেষ তো বটেই। বেশিরভাগ সময়টা সুজিতের সঙ্গে কাটিয়েছি। কলকাতা থেকে দূরে বাবা-মার থেকে দূরে কিন্তু যেহেতু সুজিত আর আমি একসঙ্গে ছিলাম বেশ ভাল কেটেছে পুজোটা।’
অভিনেত্রী জানান, প্রথমবার বিদেশের পুজো দেখলেন তিনি। সেখানে যেভাবে সমস্ত বাঙালিরা একত্রিত হয়ে দুর্গাপুজো পালন করে তা মন ছুঁয়েছে নায়িকার। কলকাতার মতো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আলাদা করে ওখানে পালন হয় না। সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে সম্পূর্ণ পুজো পালন করা হয়। সঙ্গে থাকে খাওয়াদাওয়া। যেন এক টুকরো কলকাতা।
কলকাতার বাইরে বিদেশে পুজো কাটাতে একটু মন খারাপ হচ্ছিল তনুশ্রীর কিন্তু স্বামী সুজিতের যত্নেই সবটা ভুলেছেন তিনি। কলকাতার পুজো তাঁর কাছে নস্টালজিয়া, আর বিদেশের পুজো নতুন ধরনের আনন্দ।
আরও পড়ুন:
এক সঙ্গে জামা কাপড় কেনাকাটা থেকে সাজার পরিকল্পনা, এই সবটা নায়িকা সেরেছেন সুজিতের সঙ্গেই। এছাড়াও সেখানে রয়েছে অভিনেত্রীর বেশ কিছু বান্ধবী। সকলের সঙ্গে মিলিয়ে জমজমাট তাঁর পূজা।
তনুশ্রী খেতে খুব পছন্দ করেন। পুজোর সময় নিজের মতো করে বানিয়েছেন পছন্দের খাবারও। বিশেষ করে ইলিশ মাছ। মায়ের হাতের ইলিশ ভাপা অভিনেত্রী সবচেয়ে প্রিয়। মা বিদেশে নেই, তাই নিজের হাতেই রেঁধেছেন সবটা।
আরও পড়ুন:
দশমীর দিন সিঁদুরও খেলেছেন বিদেশে। রাঙা হয়েছে সিঁথিও।
আরও পড়ুন:
বিদেশের মাটিতে বসে বারবার যেন ফিরে আসছিল ফেলে আসা ছেলেবেলার দিনগুলো। স্মৃতির পাতা উল্টে তনুশ্রী জানালেন, তাঁর দাদু ছিলেন প্রখ্যাত পণ্ডিত এবং নিজেই পুজো করতেন। সেই সূত্রে বাড়িতে ছিল কড়া নিয়মকানুন। ষষ্ঠীতে দেবীর বোধন, তাই নিয়ম মেনে পঞ্চমীর রাত থেকেই বাড়িতে শুরু হয়ে যেত কঠোর নিরামিষের পর্ব।
দেশ হোক বা বিদেশ পুজোর পর মা চলে গেলে সকলেরই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পুজোর পর অভিনেত্রীও ঠিক সেরকমই অনুভব করেছেন বিদেশে বসে। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁর পুজোর পরের কাটানো কিছু মুহূর্তও।
লক্ষ্মী পুজো নিয়ে সেরকম কোনো পরিকল্পনা অভিনেত্রীর ছিল না তবে তাঁর কলকাতার বাড়িতে লক্ষ্মীপুজো হয়েছে। বিদেশে তাঁর নতুন বাড়িতে তিনি লক্ষ্মী পুজো করবেন দীপাবলীর সময়।
বিয়ের পর প্রায় অনেকটা সময় তিনি বিদেশে কাটিয়েছেন। কাটালেন গোটা একটা দুর্গাপুজো। দেশে কবে ফিরবেন? তাঁর কথায়, পরের বছরের মাঝামাঝি সময় দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
মন খারাপ, ভাললাগা, নতুন অনুভূতি সবকিছু মিলিয়ে বিয়ের পরে বিদেশে একটা অন্য ধরনের পুজো কাটিয়েছেন তনুশ্রী এই বছর। সঙ্গে সব সময় ছিলেন স্বামী সুজিত। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)