পুজোর পোশাক কিনছেন? আয়নায় নিজেকে দেখার পাশাপাশি এই ১৫টি বিষয়ও খেয়াল রাখুন
পুজোর পোশাক দেখতে সুন্দর হলেই হল না, দীর্ঘক্ষণ পরেও তা যেন স্বচ্ছন্দ থাকে, সেদিকেও নজর দেওয়া জরুরি। ট্রায়াল ঘর থেকে বেরোনোর আগে ফিটিং, কাপড়, পকেট, সেলাই থেকে পোশাকের দৈর্ঘ্য—কোন কোন বিষয় যাচাই করবেন, রইল ১৫টি টিপ্স।
পুজোর মাস। পোশাকের অনলাইন সাইট তো বটেই, অফলাইন বিপণিগুলিতেও বাড়ছে ভিড়। দোকানে গিয়ে পোশাক পছন্দ করলেই অবশ্য দায়িত্ব শেষ নয়। ‘ট্রায়াল’ দিয়ে বেরিয়ে আসার আগে ছোট্ট কয়েকটি বিষয় খেয়াল করে নেওয়া জরুরি। নইলে পুজোর দিন পোশাক পরার পরেই হতে পারে আফসোস!
বিশেষত, পুজোর ভিড়ে ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে সৌন্দর্যের পাশাপাশি আরামের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। কী কী বিষয় মাথায় রাখবেন? রইল টিপ্স।
পোশাকটি পরে শুধু সামনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেই সন্তুষ্ট হবেন না। পিছন থেকেও কেমন দেখতে লাগছে, তা দেখে নিন। বিশেষ করে কাঁধ, কোমর বা পিঠের কাছে টান পড়ছে কিনা, তা আগেই পরখ করে নিন।
শরীরের সঙ্গে জড়িয়ে থাকা ‘ফিটেড’ কুর্তি, শার্ট অথবা ব্লাউজ় পছন্দ হলে পিছনের দিকের ফিটিং খুবই গুরুত্বপূর্ণ। সামনে থেকে ঠিকঠাক লাগলেও পিছনে কোথাও টান পড়ছে কিনা, দেখে নিন।
পোশাকটি পরে ভাল করে দু’হাত উপরে তুলে দেখুন। স্বচ্ছন্দে হাত তোলা যাচ্ছে কিনা, খেয়াল করুন। সামনের দিকে কিছুটা ঝুঁকেও দেখে নিন, কোমরের পোশাক অতিরিক্ত উপরে উঠে যাচ্ছে কিনা বা টান পড়ছে কিনা।
আরও পড়ুন:
সম্ভব হলে পোশাকটি পরে কয়েক সেকেন্ড বসেও দেখুন। পেটের কাছে টান পড়ছে বা অস্বস্তিকর লাগছে কিনা, খেয়াল করুন। অস্বস্তি হলে ধরে নিতে পারেন, এই পোশাক পরে দীর্ঘক্ষণ বাইরে থাকা মুশকিল হতে পারে।
পোশাকের কাপড়টির দিকেও নজর দিন। শরীরে লাগার সঙ্গে সঙ্গে অস্বস্তি হচ্ছে না তো? গা চুলকাচ্ছে না তো? পুজোর ক’দিন গরমে ও ভিড়ে দীর্ঘক্ষণ বাইরে থাকার কথা মাথায় রেখেই কাপড় বেছে নিন।
পোশাক যতই দেখতে সুন্দর হোক না কেন, অন্তর্বাসের সঙ্গে মানানসই না হলে বা ভিতর থেকে অন্তর্বাস উঁকি দিলে পুরো সাজটাই মাটি। তাই এই বিষয়টিও আগে থেকেই খেয়াল করুন।
পোশাকের নেকলাইন, হাতের কাট থেকে নকশা—সবকিছু আপনার সাধারণ অন্তর্বাসের সঙ্গে মানাচ্ছে কিনা, তা আগেভাগেই দেখে নিন। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাসও সংগ্রহে রাখতে পারেন।
আরও পড়ুন:
যে ঘরে পোশাক পরছেন, সেখানের আয়নায় পোশাকটি এক রকম দেখতে লাগলেও বাস্তবে বা ক্যামেরার লেন্সে আপনাকে অন্য রকম দেখাতে পারে। তাই দোকানে থাকতেই একটি ছবি তুলে দেখে নিতে পারেন, পোশাকটিতে আপনাকে আসলে কেমন দেখাচ্ছে।
পুজোয় দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পরিকল্পনা থাকলে, হাঁটার সময়ে পোশাক পায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি না, তা দেখে নিন। পরে অস্বস্তি হওয়ার চেয়ে দোকানেই এক বার হেঁটে দেখে নেওয়া ভাল।
প্যান্টের কোমরের মাপ সঠিক রয়েছে কিনা, সেটিও পরখ করে নিন। বিশেষ করে দীর্ঘক্ষণ পরে থাকার ক্ষেত্রে কোমরে বেশি টান বা অতিরিক্ত ঢিলেঢালা মাপ অস্বস্তির কারণ হতে পারে। কুর্তি পরে একটু হাঁটাহাঁটি করে দেখে নিন। হাঁটার সময়ে কুর্তি অস্বাভাবিক ভাবে উঁচু হয়ে যাচ্ছে কি না, খেয়াল করুন।
পোশাকের সঙ্গে পকেট আছে কিনা, সেটি দেখাও বেশ জরুরি। বাইরে ঘুরতে বেরোলে পোশাকের সঙ্গে পকেট খুব কার্যকরী। তবে শুধু নামমাত্র পকেট থাকলেই হবে না।
পকেটের গভীরতাও দেখে নিন। হাত ঢুকিয়ে পরখ করে দেখুন, মোবাইল বা অন্য মূল্যবান সামগ্রী রাখলে তা নীচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা। কুর্তি, জিন্স, কার্গো প্যান্ট কিনলে এই বিষয়টি বিশেষ ভাবে মাথায় রাখতে পারেন।
পোশাকের সেলাই পরীক্ষা করে নিন। কোথাও সেলাই আলগা হয়ে রয়েছে কিনা বা সুতো বেরিয়ে আছে কিনা, দেখে নিন। পরে বাড়িতে গিয়ে সমস্যা ধরা পড়লে তখন বিপাকে পড়তে পারেন।
সবশেষে নিজের উচ্চতা এবং জুতোর সঙ্গে মিলিয়ে পোশাক বেছে নিন। লম্বা গাউন, পালাজ়ো বা ওয়াইড লেগ প্যান্ট কিনলে পোশাকের দৈর্ঘ্য এবং জুতোর সঙ্গে তার সামঞ্জস্য আগেই পরখ করে নিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)