পা থেকে মাথা, সবটাই ঘষেমেজে ঝকঝকে করে নেওয়ার এই তো সময়। পুজোর সাজে খামতি রাখতে চান না কেউই। কিন্তু সাজপোশাক পরিপাটি হলেও চুলের সাজ ঠিক না থাকলে সবটাই মাটি। চুলের ধরন সকলের সমান হয় না। অনেকেই পাতলা চুল নিয়ে অস্বস্তিতেও ভোগেন বেশ। খোঁপা বাঁধলেও তা ছোট দেখায়, আবার খোলা রাখলেও বোঝা যায় চুলের ঘনত্ব কতখানি কম। পনিটেল তো নৈব নৈব চ!
তবে চুল পাতলা বলেই যে পুজোর সাজে কমতি থাকবে, এমনটা কিন্তু নয়। কোনও ভারী ‘এক্সটেনশন’ লাগবে না। অথচ সামান্য কিছু কৌশল ব্যবহার করলেই পাওয়া যাবে মনের মতো ঘনত্ব।
১। চুলের ধরন পাতলা হলে ‘স্ট্রেটনিং’ বা সম্পূর্ণ সোজা চুলের পিছনে দৌড়বেন না। চুলে আনুন সামান্য ঢেউ। এতে চুল পাতলা হলেও দেখতে ঘন মনে হয়। খুব বেশি কোঁকড়ানো চুল করার প্রয়োজন নেই। ‘কার্লস’গুলিকে হালকা ভাবে ছেড়ে রাখুন। সাবেক বা পশ্চিমি, সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে বেশ।
২। মাঝখানে সিঁথি না টেনে সেটিকে একপাশে রাখুন। এতে চুলের গোড়ায় কিছুটা ‘বাউন্স’ আসে এবং চুল দেখতে অনেকটা ঘন মনে হয়।
৩। খোঁপা ছোট হলেও তাকে কায়দা করুন অন্য ভাবে। ‘মেসি বান’ হতে পারে সেরা পছন্দ। অল্প চুলকেও অনেক বেশি ঘন মনে হবে এতে। পাশাপাশি খোঁপার চারপাশে জুঁই, গোলাপ অথবা পছন্দমতো ফুল গুঁজে দিতে পারেন। এতে দূর থেকে চুলের ঘনত্ব খুব একটা আন্দাজ করা যাবে না।
৪। চুল পাতলা হলে ‘স্লিক বান’ এড়িয়ে চলাই শ্রেয়। এতে চুলের ঘনত্ব আরও কম দেখায়।
৫। চুলের গয়নাকেও করতে পারেন বিশ্বস্ত সঙ্গী। পাতলা চুলে বড় স্ক্রাঞ্চি, নজরকাড়া বাহারি ক্লিপ ইত্যাদি দিয়ে সাজাতে পারেন। এগুলি যেমন দেখতেও সুন্দর, তেমনই চুলের সাজেও যোগ করে অন্য মাত্রা।
(এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)