Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোয় প্রেমিকের সঙ্গে ডেট? বেশি সাজতে গিয়ে এই ভুলগুলি করবেন না যেন

পুজোয় ‘ডেট’ মানেই সাজসজ্জায় বাড়তি যত্ন। কিন্তু বেশি সাজলেই যে সুন্দর দেখাবে, এমন কথা নেই। বরং রূপটান, গয়না এবং পোশাকের ক্ষেত্রে কিছু ভুল পুরো সাজটাই চড়া করে তুলতে পারে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১৯:১৪
ডেটে যাচ্ছেন? রূপটানে এই ভুলে সাজ হবে মাটি!

ডেটে যাচ্ছেন? রূপটানে এই ভুলে সাজ হবে মাটি!

উৎসবের ভিড়ে ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, অষ্টমীর অঞ্জলি-সহ ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় প্রিয় মানুষটির জন্য তোলা থাকে অনেকের। বিশেষ এই ‘ডেট’-এর জন্য সাজটাও তো ‘বিশেষ’ হতেই হবে। জামাকাপড়, কেশসজ্জা থেকে রূপটান-- সব কিছুতেই একটু বাড়তি যত্ন।

কিন্তু বেশি সাজলেই যে সুন্দর দেখাবে, এমন কথা নেই। বরং রূপটান, গয়না এবং পোশাকের ক্ষেত্রে কয়েকটি ভুল পুরো সাজটাই চড়া করে তুলতে পারে। বিশেষ করে সকালে বেরোনোর পরিকল্পনা থাকলে সাজপোশাকের ক্ষেত্রে সৌন্দর্যের সঙ্গে আরামের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। কেমন ভাবে সাজবেন? মাথায় রাখুন বিশেষ কয়েকটি টিপ্‌স।

১। পোশাক, গয়না এবং রূপটান-- সব কিছুকেই একসঙ্গে ফুটিয়ে তোলার প্রয়োজন নেই। জমকালো শাড়ির সঙ্গে খুব ভারী রূপটান বা গয়না, কোনওটাই মানানসই হবে না। পোশাক জমকালো হলে সাজসজ্জা খানিক হালকাই রাখুন। একই ভাবে চোখ, ঠোঁট, উভয়েই বাড়তি সাজ রাখবেন না। চোখের সাজ খুব বেশি হলে ঠোঁটে দিতে পারেন ন্যুড লিপস্টিক।

২। সকালে বেরোনোর পরিকল্পনা থাকলে রূপটানের পরত খুব বেশি না রাখাই শ্রেয়। খুব বেশি ফাউন্ডেশন বা কনসিলার এড়িয়ে বেছে নিন একেবারে ছিমছাম লুক। বিশেষ করে নাকের দু’পাশে অথবা ঠোঁটের কাছে খুব বেশি পাউডার দিলে কিছু ক্ষণ পরে সেটি ‘কেকি’ বা ‘প্যাচি’ হয়ে যেতে পারে।

৩। ডেটের জন্য আলাদা করে জুতো তুলে রেখেছেন? তা খানিক পুরনো হলে ক্ষতি নেই। কিন্তু নতুন জুতো পরে ঘুরতে যাওয়ার আগে সতর্ক হোন। বেশি ক্ষণ হেঁটে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে নতুন জুতোর ঘষায় গোড়ালি বা আঙুলে ফোসকা পড়তে পারে। পুরো ডেটটাই তখন মাটি!

৪। সুগন্ধীর ক্ষেত্রেও মাত্রা অল্প রাখুন। অতিরিক্ত তীব্র সুগন্ধী উল্টো দিকের মানুষটির জন্য অস্বস্তিকর হতে পারে। কাপড়ের উপরে খুব বেশি স্প্রে করার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী অল্প ব্যবহার করুন।

৫। বারবার হাত দিয়ে ঠিক করতে হয়, এমন কেশসজ্জা না করাই ভাল। আবার অতিরিক্ত চুলের স্প্রেও ক্ষতিকারক। চুল খোলা রাখতেই পারেন। সে ক্ষেত্রে সঙ্গে একটি ক্লিপ ব্যাগে রাখুন।

৬। ডেটের জন্য নতুন রূপচর্চার পরীক্ষা করতে যাবেন না। নতুন কোনও ফেসপ্যাক, সিরাম বা ক্রিম ত্বকে ভিন্ন প্রতিক্রিয়াও ফেলতে পারে। লালচে ভাব, চুলকানি অথবা ব্রণ একেবারেই কাম্য নয়।

৭। পোশাক যতই সুন্দর হোক, অন্তর্বাস আরামদায়ক বা মানানসই না হলে পুরো সাজটাই মাটি। হাতকাটা বা ‘ডিপ নেক’ পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস আগেভাগেই রাখুন সংগ্রহে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy