পুজোয় মেয়েদের সাজেই যত বাহার? ছেলেদের আলমারিতেও থাকুক চমক, কোন দিন কী পরবেন রইল হদিস
পঞ্চমী থেকে দশমী—পুজোর প্রতিটি দিনেই ছেলেদের সাজে থাকুক নতুনত্ব। কোন দিনে টি-শার্ট, কখন কুর্তা, পাঞ্জাবি বা শার্ট বেছে নেবেন, রইল সাজের হদিস।
পঞ্চমীর সকাল:পুজোর শুরুটা হোক হালকা সাজে। সাধারণ টি-শার্টের সঙ্গে জিন্স পরতে পারেন। হালকা কিংবা সামান্য গাঢ় রং—দুই-ই চলবে।
পঞ্চমীর রাত: সারারাত ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে হালকা রঙের কুর্তা, টি-শার্ট কিংবা শার্ট বেছে নিন। সঙ্গে মানানসই ট্রাউজ়ারে সাজও হবে, স্বস্তিও থাকবে।
ষষ্ঠীর সকাল: ষষ্ঠীর সকালে ঘোরাঘুরি থাকলে হালকা রঙের টি-শার্ট বা কুর্তা পরতে পারেন। সঙ্গে পাজামা—যেটিতে স্বচ্ছন্দ, সেটিই পরুন।
ষষ্ঠীর রাত: রাতের সাজে একটু গাঢ় রং মানানসই। গাঢ় রঙের শার্ট বা টি-শার্টের সঙ্গে তুলনায় হালকা রঙের জিন্স কিংবা ট্রাউজ়ার পরতে পারেন।
সপ্তমীর সকাল: গরমের কথা মাথায় রেখে সপ্তমীর সকালে হালকা রঙের টি-শার্ট বা কুর্তা পরুন। প্যাস্টেল কিংবা অন্য হালকা রঙের জামার সঙ্গে সাদা প্যান্ট বেশ ভাল মানাবে।
আরও পড়ুন:
সপ্তমীর রাতে একটু বদল আনতে চাইলে চেক শার্ট পরুন। শুধু নীল নয়, অন্য রঙের জিন্সের সঙ্গে শার্ট কিংবা কুর্তার মেলবন্ধন বেশ ভাল লাগবে।
দ্বিতীয় সপ্তমীর সকাল: এ বার বাড়তি পাওনা দ্বিতীয় সপ্তমী। সকালে হালকা রঙের কুর্তার সঙ্গে সাদা পাজামা পরতে পারেন।
দ্বিতীয় সপ্তমীর রাত: রাতে বেছে নিতে পারেন গাঢ় অলিভ সবুজ কিংবা প্রিন্টেড কুর্তা। সঙ্গে পাজামা বা জিন্স। সাজে তখনই চলে আসবে অষ্টমীর আগাম আভাস।
অষ্টমীর সকাল: অষ্টমীর সকাল মানেই বাঙালির নস্টালজিয়া। পাঞ্জাবি পরুন। বিশেষ মানুষের শাড়ির সঙ্গে পাঞ্জাবির রং মিলিয়েও নিতে পারেন। সঙ্গে ধুতি কিংবা পাজামা অবশ্যই।
আরও পড়ুন:
অষ্টমীর রাত: সন্ধ্যার সাজে একটু জাঁকজমক চাইলে পরতে পারেন ফিউশন কুর্তা বা পাঞ্জাবি। সামান্য গাঢ় রং কিংবা ভারী কাজের পাঞ্জাবি সাজকে আরও উজ্জ্বল করবে। সঙ্গে থাকুক পাজামা।
নবমীর সকাল: নবমীর সকালে সুন্দর প্রিন্টেড শার্টের সঙ্গে দক্ষিণী কায়দার লুঙ্গিও পরতে পারেন। পুজোর শেষ পর্বেও সাজে থাকবে একটু অন্য ধরনের ছোঁয়া।
নবমীর রাত: রাতে কোথায় যাচ্ছেন, তার উপর নির্ভর করুক পোশাক। টি-শার্ট, শার্ট, কুর্তা কিংবা পাঞ্জাবি—পছন্দ অনুযায়ী যে কোনওটাই পরতে পারেন।
দশমীর সকাল: দশমীর বরণের সাজে লাল-সাদার ঐতিহ্য রাখুন। সাদা-লাল পাঞ্জাবির সঙ্গে সাদা কিংবা মেরুন পাজামা বা ধুতি পরতে পারেন।
দশমীর সন্ধ্যা উমাকে বিদায়ের সময় ঠাকুর তোলা, বিসর্জনের নাচ—সব মিলিয়ে থাকবে ব্যস্ততা। তাই হালকা টি-শার্ট পরাই ভাল। সঙ্গে স্বচ্ছন্দের যে কোনও প্যান্ট।
সাজে থাকুক নিজের ছোঁয়া পুজোর প্রতিটি দিন পোশাকে বৈচিত্র্য আনুন। একই ধরনের পোশাক হলেও রং, নকশা ও মেলবন্ধন বদলে সাজে আনতে পারেন নতুনত্ব। পুজো মানেই নিজের মতো করে সাজা—তাই স্বস্তির সঙ্গে নিজের পছন্দকেও গুরুত্ব দিন। এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব"ফিচারের একটি অংশ।