হাতের মেদ নিয়ে চিন্তা? পুজোয় হাতকাটা পোশাকে নজর কাড়তে মেনে চলুন এই ৫ কৌশল
হাত সামান্য ভারী হলেই অনেকেই এড়িয়ে যান হাতকাটা পোশাক। অথচ সঠিক স্টাইলিংয়ে সেই দ্বিধা কাটিয়ে পছন্দের পোশাক পরা সম্ভব।
হাতকাটা পোশাক দেখে পছন্দ তো হল, কিন্তু পরতে গেলেই দ্বিধা! সমস্যা হাতের উপরের অংশে। হাত সামান্য ভারী হলেই অনেকেই এড়িয়ে যান হাতকাটা পোশাক। অথচ সঠিক স্টাইলিংয়ে সেই দ্বিধা কাটিয়ে পছন্দের পোশাক পরা সম্ভব।
শরীরের মাপ নিয়ে মাথা না ঘামিয়ে নজর দিন স্টাইলিংয়ের দিকে। সঠিক কাট, ফিট, পোশাকের ধরন এবং পরার কায়দা জানা থাকলেই হাতকাটা পোশাকেও আপনাকে বেশ দেখাবে।
একেবারে সরু স্ট্র্যাপের বদলে বেছে নিন চওড়া স্ট্র্যাপ। এতে কাঁধের গঠন আরও সুন্দর দেখায়। বিশেষ করে চৌকো বা ‘ভি-নেক’ পোশাকের সঙ্গে চওড়া স্ট্র্যাপ বেশ মানানসই।
হাত ভারি হলে খুব বেশি আঁটসাঁট ‘আর্মহোল’ যুক্ত পোশাক এড়িয়ে চলুন। এমন পোশাক হাতের গঠনকে আরও ফুটিয়ে তুলতে পারে, যা সব সময় দৃষ্টিনন্দন নাও লাগতে পারে।
হাতকাটা পরতে ইচ্ছে করছে, অথচ সম্পূর্ণ হাত খোলা রাখতেও অস্বস্তি? তা হলে সহজ সমাধান ‘লেয়ারিং’। হাতকাটা পোশাকের সঙ্গে গলিয়ে নিতে পারেন স্রাগ, ঢিলাঢালা শার্ট কিংবা পাতলা জ্যাকেট।
আরও পড়ুন:
ভিতরের হাতকাটা পোশাকটিকে ফুটিয়ে তুলতে চাইলে শার্টের বোতাম খুলে রাখতে পারেন। এতে স্টাইলও বজায় থাকবে, আবার স্বচ্ছন্দ্যেও খামতি হবে না।
হাত ভারি হলে কোন রঙের পোশাক পরবেন, তা নিয়ে বিশেষ মাথা ঘামানোর প্রয়োজন নেই। ছোট প্রিন্টের পোশাক বেছে নিতে পারেন।
ছোট প্রিন্টের পাশাপাশি ‘ভার্টিক্যাল’ প্রিন্টের পোশাকও বেছে নিতে পারেন। স্টাইলিংয়ের ক্ষেত্রে এই ধরনের নকশা বেশ জনপ্রিয়।
শুধু পোশাক নয়, নজর দিন সঠিক অন্তর্বাস বেছে নেওয়ার দিকেও। ভুল মাপের অন্তর্বাস পরলে পোশাকের ফিটও নষ্ট হতে পারে।
আরও পড়ুন:
খুব ঢিলেঢালা কিংবা অতিরিক্ত আঁটসাঁট অন্তর্বাস এড়িয়ে চলুন। ভুল মাপের অন্তর্বাসের কারণে পিঠ এবং হাতের কাছে মেদ কিছুটা ঝুলে থাকতে পারে, যা নিয়ে আপনার অস্বস্তি হতে পারে।
চুড়ি পরার ক্ষেত্রেও একটু সচেতন থাকুন। খুব বেশি ভারি নকশার চুড়ি এড়িয়ে চলাই ভাল। তাতে হাত আরও মোটা দেখাতে পারে।
চুড়ি পরতে চাইলে এক থেকে দু’টি বেছে নিন। একসঙ্গে অনেকগুলি চুড়ি পরার বদলে কম গয়নাতেই সাজ সম্পূর্ণ করতে পারেন।
ব্লাউজ় কিংবা অন্য কোনও পোশাকের ক্ষেত্রে বেছে নিতে পারেন ‘ভি’ কাট বা ‘সুইটহার্ট’ কাটের নেকলাইন। এই ধরনের কাট পোশাকের লুককে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
নেট বা শিয়ার ফেব্রিকের পোশাকও রাখতে পারেন সংগ্রহে। এতে হাত পুরোপুরি ঢেকেও যায় না, আবার সম্পূর্ণ হাতকাটাও থাকে না।
ফলে নেট বা শিয়ার ফেব্রিকের হাতা বেছে নিলে কায়দার সঙ্গে স্বচ্ছন্দ্যও বজায় থাকে। হাতের গঠন নিয়ে অস্বস্তি থাকলেও পুজোয় নিজের পছন্দের পোশাকে সাজতে পারেন অনায়াসে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)