দীপাবলিতে মিষ্টিমুখ করুন নিজের হাতে বানানো মিষ্টিতে! আনন্দ বেড়ে হবে দ্বিগুণ
আলোর উৎসবে ঘরে ঘরে জ্বলে উঠবে প্রদীপ। চার দিকে শুধু আলোর রোশনাই। আনন্দের দিনে একটু মিষ্টিমুখ না করলে হয় নাকি? বানিয়ে ফেলুন এই মিষ্টি।
দীপাবলি আসতে আর মাত্র কয়েক দিন। আলোর উৎসবে ঘরে ঘরে জ্বলে উঠবে প্রদীপ। চার দিকে শুধু আলোর রোশনাই। খুশিতে ভরে উঠবে সবার মন।
আনন্দের দিনে একটু মিষ্টিমুখ না করলে হয় নাকি? যদিও শুধু মিষ্টি নয়, এ সব দিনে সব বাড়িতে বানানো হয় বিভিন্ন রকম লোভনীয় খাবার।
এ সময়ে বিশেষ করে মিষ্টি তৈরির সাধ জাগে অনেকেরই। কত রকমের নাড়ু, লাড্ডু, আরও কত কী। দীপাবলিতে মোতিচুরের লাড্ডু বানান অনেকেই। এ বছর অন্য কিছু ভাবছেন?
এ বার তা হলে বেসনের লাড্ডু বানানো শিখে নিন। খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে পারবেন। রইল রেসিপি।
বানানোর জন্য লাগবে ৪ কাপ বেসন, ১ কাপ ঘি, ২ কাপ গুঁড়ো চিনি আর ১ চা চামচ এলাচ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে বেসনের লাড্ডু।
আরও পড়ুন:
শুধু উপকরণের মাপগুলো ঠিক রাখতে হবে। একই মাপের কাপে সব উপকরণ মাপলে সুবিধা হবে।
সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়ে আগুনে কড়াই বসান। আঁচ মাঝারি থাকবে।
প্রথমে ঢেলে দিন ১ কাপ ঘি। ঘি গলে মোটামুটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ঘি গরম হলে দিয়ে দিন ৪ কাপ বেসন। এই সময়ে আঁচ কমিয়ে দিতে হবে। তার পরে নাড়তে থাকুন।
আরও পড়ুন:
বেসনের রং ক্রমে সোনালি হয়ে আসবে। বেসন ঘি ছাড়তে শুরু করলে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
একটু ঠান্ডা হয়ে গেলে যোগ করুন চিনি গুঁড়ো আর এলাচ গুঁড়ো। এর পরে ভাল করে সব কিছু মিশিয়ে নিন।
এ বার হাতে একটু ঘি মেখে খানিকটা করে মেখে রাখা বেসন হাতে নিন। গোল গোল লাড্ডুর আকৃতি দিয়ে দিন তাকে। তা হলেই তৈরি বেসনের লাড্ডু।
লাড্ডু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি ভাল লাগবে। এই লাড্ডু সহজে নষ্ট হয় না। ফ্রিজে রেখে এক থেকে দু’মাস পর্যন্ত খেতে পারবেন।
বাড়ির লোকেদের জন্য তো বানাতেই পারেন। তা ছাড়া এই লাড্ডু বানিয়ে পুজোতেও ভোগ দিতে পারেন।
দীপাবলীর আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বেসনের এই সুস্বাদু লাড্ডুতে হোক এ বারের মিষ্টিমুখ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)