লক্ষ্মীপুজোর পরও ঘরে নারকেল মজুত? আলুর দম থেকে পাঁঠার মাংস, স্বাদ বদলাবে এই উপকরণেই
লক্ষ্মীপুজোর দিন নাড়ু করার পরও বেঁচে গেছে নারকেল। কী বানাবেন ভেবে হয়রান? অবশিষ্ট নারকেল দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নিরামিষ এবং আমিষ পদগুলি —
আলুর দম: নিরামিষ অথচ ভিন্ন স্বাদের আলুর দম খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন নারকেল দিয়ে আলুর দম। মশলা কষানোর সময় দুই - তিন টেবিল চামচ নারকেল বাটা দিলেই জমে যাবে এই পদ।
ছোলার ডাল :নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি প্রায় সবাই জানেন। নারকেল বাটা হোক বা কুচানো নারকেল। ছোলার ডালে দিয়ে রান্না করলেই বদলে যাবে স্বাদ।
মোচার ঘণ্ট: নারকেল কোড়া, নারকেল কুচি, ছোলা, বাদাম এবং ঘি এর সংমিশ্রণে সাধারণ মোচা হয়ে উঠতে পারে অসাধারণ। লক্ষ্মীপুজার অবশিষ্ট নারকেল দিয়ে মোচার ঘন্ট অবশ্যই বানিয়ে দেখতে পারেন।
চিংড়ি মাছের মালাইকারি: যে রান্নাটি নারকেল ছাড়া সম্ভবই নয় সেটা হল চিংড়ি মাছের মালাইকারি। নারকেল দিয়ে আর কিছু করুন না করুন একদিন বাজার থেকে টাটকা চিংড়ি মাছ এনে মালাইকারি বানিয়ে উৎসবের মরশুমে খেতেই পারেন।
মাছের ঝোল: রুই বা কাতলা মাছের সঙ্গে সর্ষে, কাঁচালঙ্কা, পোস্ত এবং নারকেল বাটা দিয়ে একটু রাজকীয় ভাবে ঝোল করে খেতে পারেন। উৎসবের মরশুমে বাড়িতে অতিথি এলে তারাও অন্য স্বাদ পাবে।
আরও পড়ুন:
মুরগীর মাংস : পেঁয়াজ, আদা-রসুন ও নারকেল বাটার মিশেলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের মুরগীর মাংসের পদ। নারকেল বাটা মুরগীর মাংস দিলে ঘন ঝোল তৈরি হবে এবং স্বাদ অসাধারণ হবে।
পাঁঠার মাংস: পাঁঠার মাংসের মশলা কষানোর সময় অল্প একটু নারকেল বাটা দিলে মাংসের স্বাদ অন্যরকম এবং সুস্বাদু হয়ে উঠবে।
নারকেলের বড়া: নারকেল কুচি, বেসন বা চালের গুঁড়ো, নুন ও মশলা দিয়ে ভেজে নিতে পারেন সুস্বাদু মুচমুচে বড়া। সন্ধের খাবারে অন্যরকম কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন এই পদ।
নারকেলের চপ: সেদ্ধ আলু ও মশলার সঙ্গে নারকোল মিশিয়ে বানিয়ে নিতে পারেন নারকেলের চপ। বিকেলের খাবার কিংবা অতিথি এলে যেকোনও সময় বানিয়ে খাওয়াতে পারেন এই পদ।
আরও পড়ুন:
নারকেলের চাটনি: দক্ষিণী খাবারের প্রেমি হলে অবশ্যই বানাতে পারেন এই পদ। নারকেল, কাঁচালঙ্কা, আদা ও লেবুর রস দিয়ে বানিয়ে নিতে পারেন চাটনি। দোসা, ইডলি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন এই চাটনি। ফ্রিজে রেখে বেশ কিছুদিন বারে বারে খেতে পারবেন।
নারকেল দিয়ে সহজেই বানানো যায় এই পদগুলি। লক্ষ্মীপুজো এবং দীপাবলীর মধ্যে এই সময়টিও ভাল খাওয়া দাওয়া করে আনন্দে থাকতে পারেন। ভাতের পদ বা যেকোনও রুটির পদের সঙ্গে পরিবেশন করতে পারেন এই রান্নাগুলি। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।