পুজোর ভুরিভোজেও বাড়বে না ওজন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
ওই কয়েক দিন মুখে লাগাম দেওয়া বড্ড কঠিন। তার ফলেই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। ভয় না পেয়ে জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত।
পুজোর দিনে ভরপুর খাওয়াদাওয়া তো হবেই। ওই কয়েক দিন মুখে লাগাম দেওয়া বড্ড কঠিন। তার ফলেই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
ভয় না পেয়ে জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত। পুষ্টিবিদ ডাঃ অনন্যা ভৌমিকের মতে, ওজন বেড়ে যাওয়ার ভয়ে পুজোয় ভাল-মন্দ খাবার বন্ধ করার কোনও দরকার নেই। শুধু কিছু জিনিস মাথায় রাখলেই হবে।
ওজন নিয়ন্ত্রণ কোনও একটি খাবার বা একটি দিনের ওপর নির্ভর করে না। কয়েক সপ্তাহ বা মাস ধরে প্রতিদিন কতটা ক্যালরি খাবারের মাধ্যমে শরীরে যাচ্ছে এবং কতটা ক্যালরি খরচ করছেন, সবটা এর উপরে নির্ভরশীল।
তাই পুজোতে কিছু ভাল খাবার খেলেই যে ওজন বেড়ে যাবে, এমন নয়।
বরং আপনি যদি টানা অনেক দিন ধরে বেশি পরিমাণে খাওয়া দাওয়া করেন, তবে তার প্রভাব ওজনের উপরে পড়তে পারে।
আরও পড়ুন:
তাই ইচ্ছেমতো খাবার খাওয়া বন্ধ করতে হবে না। শুধু খুব বেশি পরিমাণে খাওয়াদাওয়া না করলেই হল।
পুজোর দিনগুলোতে সকালে প্রোটিনসমৃদ্ধ খাবার খেয়ে নিতে পারেন। তা হলে সারা দিন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমবে।
বাইরে ঘুরতে যাওয়ার আগে বাড়িতে হালকা কিছু খেয়ে নিন। যেমন - ফলের সঙ্গে দই, ডিম, একমুঠো বাদাম, ভিজিয়ে রাখা ছোলা ইত্যাদি। আপনার ইচ্ছে মতো আর শরীর অনুযায়ী, এ রকম কিছু খাবার বেছে নিতে পারেন।
পুজোর ভোজে আপনার যে খাবারটি সবচেয়ে পছন্দের, সেটিই খান। তবে অল্প পরিমাণে। পাতে যা নেবেন, এক বারে নিয়ে নিন। দ্বিতীয় বার খাবার নেবেন না।
আরও পড়ুন:
ধীরে ধীরে খাবার খান। তাড়াহুড়ো করলে শরীর বুঝতে পারে না কী খেলেন, কতটা খেলেন। ফলে অনেক সময়ে বেশি খেয়ে ফেলার আশঙ্কা তৈরি হয়। ধীরে খেলে এই সমস্যা হবে না।
মিষ্টি পানীয়, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে অনেক বেশি মাত্রায় ক্যালরি প্রবেশ করবে শরীরে।
পুজোর সময়ে বেশি হাঁটাচলা করুন। ঠাকুর দেখতে বেরোলে সাধারণত অনেকটাই হাঁটতে হয়। সেটাকেই কাজে লাগাতে পারেন।
ভারী খাবার খাওয়ার পরে তৎক্ষণাৎ শুয়ে পড়বেন না।
এক বেলায় বেশি খাবার খেয়ে ফেললে অন্য বেলায় একদম কিছু না খাওয়ার বদলে অল্প পরিমাণে খান।
পুজোর সময়ে বার বার ওজন মাপবেন না। কারণ অনেক সময়ে শরীরে জলের পরিমাণ, সোডিয়াম, গ্লাইকোজেন বা অন্ত্রে থাকা খাবারের পরিমাণের কারণে ওজন সাময়িক ভাবে বেশি দেখাতে পারে। সেই ওজন দেখে আপনি উদ্বিগ্ন হতে পারেন।
কয়েকটা দিন পছন্দের খাবার খেলেই ওজন বাড়েনা। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করবেন। অপরাধবোধে ভুগে বা ভয় পেয়ে পুজোর ক’টা দিনের আনন্দ মাটি না-ই বা করলেন! (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)