পুজোর নতুন জামাকাপড় তুলে রাখবেন কী ভাবে? সামান্য ভুলেই নষ্ট হতে পারে শখের শাড়ি, রইল টোটকা
পুজোর নতুন জামাকাপড় আলমারিতে তোলার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। সামান্য অসতর্কতাতেই নষ্ট হতে পারে শখের শাড়ি বা পছন্দের পোশাক। কী ভাবে যত্নে রাখবেন নতুন জামাকাপড়?
সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দরজায় কড়া নাড়ছে শ্যামা পুজো। আর সবচেয়ে বড় উৎসবের মরসুমে নতুন পোশাক কেনা তো বাধ্যতামূলক।
নতুন জামা-শাড়িতে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তবে, পুজো মিটতেই সবথেকে বড় চিন্তা নতুন জামা কাপড় গুছিয়ে রাখার।
জামা গুছিয়ে রাখলেও তার পরিচর্যা কীভাবে করতে হয়, তা নিয়ে অনেক সময়ই দুশ্চিন্তার শেষ থাকে না।
আলমারিতে নতুন জামা গুছিয়ে রাখার আগে জেনে নিন সহজ কিছু টিপস। তা হলে নতুন পোশাক থাকবে নতুন-ই।
নতুন শাড়ি হোক বা জামা, প্রথম বার পরার পর না ধোয়াই ভাল। একান্তই প্রয়োজন হলে সিল্ক বা এমব্রয়ডারী শাড়ি ড্রাই ক্লিন করে জামা কাপড় তুলে রাখা যেতে পারে।
আরও পড়ুন:
পাশাপাশি, সুতির পোশাক প্রয়োজনে হাওয়ায় শুকিয়ে ঠান্ডা জলে ধুয়ে তুলে রাখতে পারেন। তবে, নতুন সুতির পোশাক মেশিন ওয়াশ না করাই ভাল।
আবার একেবারে নতুন পোশাক রোদে শুকোতে দিলে রঙ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই তা এড়িয়ে যাওয়াই মঙ্গল।
নতুন পোশাক ও শাড়ি ভাঁজে করারও নির্দিষ্ট কিছু নিয়ম আছে। একই জায়গায় স্থায়ী ভাঁজ হয়ে থাকলে কাপড়ের সুতো ও জারি নষ্ট হতে পারে।
তাই প্রতি কয়েক মাস অন্তর শাড়ি বা পোশাকের ভাঁজ বদলানো উচিৎ। শাড়ির ভাঁজের মধ্যে টিস্যু পেপার বা সাদা কাগজ দিয়ে রাখলে উজ্জ্বলতা বজায় থাকে এবং দাগও ধরে না।
আরও পড়ুন:
প্লাস্টিকের ব্যাগের বদলে সুতির বা মুসলিন কাপড়ের ব্যাগে শাড়ি ও পোশাক রাখা সবচেয়ে ভাল। এতে বাতাস চলাচল করে এবং শাড়ি বা পোশাকে ফাঙ্গাস ধরে না। স্যাঁতসেঁতে গন্ধও এড়িয়ে চলা যায়।
নতুন পোশাক ও শাড়ির দুর্গন্ধ দূর করতে তুলে রাখার আগে অনেক সময়ই বডি স্প্রে বা পারফিউম শাড়িতে স্প্রে করা হয়। তবে, রাসায়নিক স্প্রে শাড়িতে দিলে ক্ষতির সম্ভাবনা থাকে।
অ্যালকোহল ও কেমিক্যালের কারণে সুতো বা জরির রঙ তামাটে বা নষ্ট হয়ে যেতে পারে। আলমারিতে রাখা পোশাক ও শাড়ি পোকা থেকে রক্ষা পেতে ন্যাপথলিন বা লবঙ্গ-কর্পূরের পুঁটুলি রাখতে পারেন, তবে তা সরাসরি কাপড়ের গায়ে স্পর্শ না করাই ভাল।
আলমারিতে শাড়ি বা পোশাক গুছিয়ে রাখার আগে অবশ্যই আরও কিছু বপারে নজর রাখা জরুরি। প্রথমত কোনওভাবেই ভেজা জামা কাপড় আলমারিতে রাখা উচিত নয়।
সম্পূর্ণ শুকনো জামা আলমারিতে রাখা উচিত। দ্বিতীয়ত, শাড়ি বা পাঞ্জাবি রাখতে প্যাডেড হ্যাঙ্গার ব্যবহার করলে ভাঁজ পড়া আটকানো যায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।’