দীপাবলি উৎসবের আগেই গয়নার দোকানে উপচে পড়া ভিড়। কারণ, সামনেই ধনতেরস, যা পরিচিত ধনত্রয়োদশী নামেও। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন সোনা বা মূল্যবান সামগ্রী কিনলে ঘরে আসে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। তাই ধনতেরস এলেই সোনা-রুপোর দোকান থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স, বাসনপত্রের দোকানেও ভিড় করেন মানুষ। তবে এ সবের বাইরেও একটি জিনিস আছে, এই বিশেষ দিনে যা ঘরে আনার হিড়িকও সাধারণের বাড়িতে নতুন নয়। সেটি হল ঝাঁটা! এর নেপথ্যে কোন বিশ্বাস? আসল কারণটা জানেন?
প্রচলিত বিশ্বাস বলে, এই দিনে ঝাঁটা ঘরে আনলেই নাকি প্রসন্ন হন দেবী লক্ষ্মী। তিনি নাকি সংসারে অচলা হয়ে বসেন। অর্থাৎ ধুলো-ময়লা পরিষ্কার করার মতোই এটি পরিবার থেকে দারিদ্র্য ও অশুভ শক্তি দূর করার ইঙ্গিত দেয়। ঝাঁটার মাধ্যমে পুরনো ঋণের বোঝা কমে সংসারে সমৃদ্ধি বাড়ে বলেই বিশ্বাস মানুষের।
আরও পড়ুন:
তা ছাড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যেই দেবী লক্ষ্মীর বাস। তাই দীপাবলির আগে দেবীকে ঘরে আনতে ঘরদোর পরিষ্কার করার চল রয়েছে হিন্দু পরিবারে। সোনা-রুপো কেনার সামর্থ্য না থাকলেও অনেকে ঝাঁটা কিনেই ঘরের লক্ষ্মীকে স্বাগত জানিয়ে থাকেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।