পুজো বলে বাহারি আলো দিয়েছেন বাড়িতে? একটু অসাবধান হলেই ঘটতে পারে বিপদ, মানতে হবে কিছু নিয়ম
টুনি লাইটে পুজোর বাড়ি সাজাতে গিয়ে সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বিপদ। শর্ট সার্কিট থেকে আগুন লাগা, এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও থাকে। তাই আলো লাগানোর আগে জেনে নিন কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি।
বারান্দা থেকে বসার ঘর—আলোর সাজেই জানান দিচ্ছে পুজো প্রায় দোরগোড়ায়। পুজোর আমেজ বাড়াতে অনেকেই ঘর সাজাতে ভালবাসেন নানা ধরনের আলো দিয়ে।
দেখতে সুন্দর, খরচও তুলনামূলক কম। তাই অন্দরসজ্জায় ‘ফেয়ারি’ লাইটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
তবে সৌন্দর্যের নেপথ্যে যেন বিপদ লুকিয়ে না থাকে, সে দিকে নজর রাখাও জরুরি।
ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত তার-সহ কোনও টুনি লাইট ব্যবহার করবেন না। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও বিদ্যুৎ সংযোগের পর সমস্যা তৈরি হতে পারে।
একই প্লাগে একসঙ্গে অনেকগুলি আলো লাগানোও এড়িয়ে চলুন। প্রয়োজন হলে আলাদা সকেট ব্যবহার করুন।
আরও পড়ুন:
পর্দা, কাপড় বা অন্য দাহ্য জিনিসের একেবারে গা ঘেঁষে আলো লাগাবেন না। দীর্ঘক্ষণ জ্বলতে থাকা আলো অতিরিক্ত গরম হয়ে উঠলে কাপড়ের সংস্পর্শে বিপদ ঘটতে পারে।
আলো যদি বারান্দা বা বাড়ির বাইরের অংশে লাগান, তা ‘আউটডোর’ ব্যবহারের উপযোগী কিনা, আগে দেখে নিন। ঘরের জন্য তৈরি আলো বৃষ্টি বা আর্দ্রতার সংস্পর্শে এলে বৈদ্যুতিক বিপদের আশঙ্কা থাকে।
সারারাত ঘরে এমন বাহারি আলো জ্বালিয়ে রাখার অভ্যাস থাকলে তা বদলান। বাড়িতে কেউ না থাকলে কিংবা ঘুমিয়ে পড়ার সময়ে আলো বন্ধ করে রাখাই নিরাপদ।
প্লাগ বা তার অস্বাভাবিক গরম হয়ে উঠছে কি না, কিংবা পোড়া গন্ধ বেরোচ্ছে কি না, নিয়মিত খেয়াল করুন।
আরও পড়ুন:
আলো অতিরিক্ত গরম হয়ে গেলে কাগজ, প্লাস্টিক বা অন্য কোনও সাজসজ্জার সামগ্রী দিয়ে ঢেকে দেবেন না।
এতে তাপ বেরোতে না পেরে ঝুঁকি আরও বাড়তে পারে। ভেজা হাতে প্লাগ ধরবেন না। আলো লাগানো বা খোলার সময়ে হাত ও মেঝে শুকনো রয়েছে কিনা, দেখে নিন।
কম দামের নিম্নমানের আলো কেনার আগে সতর্ক থাকা জরুরি।
প্যাকেটে বৈদ্যুতিক নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় চিহ্ন এবং পরিচিত ব্র্যান্ডের সার্টিফিকেশন রয়েছে কিনা, তা দেখে নেওয়া ভাল।
এ ছাড়াও তার মেঝেতে ছড়িয়ে রাখবেন না। তাতে বিদ্যুৎসংক্রান্ত বিপদের পাশাপাশি হোঁচট খেয়ে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
পুজোর বাড়ি আলোয় সাজুক, তবে সেই আলো যেন উৎসবের আনন্দের বদলে বিপদের কারণ না হয়ে ওঠে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)