প্রতিনিয়ত কতই না প্রার্থনা নিয়ে দ্বারস্থ হতে হয় দেব-দেবীর। কখনও যদি দেবমূর্তিকে কাঁদতে দেখেন, তা হলে অবাক হবেন কি? আর যদি চোখ থেকে জলের পরিবর্তে বেরিয়ে আসে রক্ত?
এমনই এক আশ্চর্য মূর্তির দেখা মিলবে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমে মেটান শহরে। সেখানকার ফ্রিয়াস পরিবারের বাড়িতে এই মূর্তি দেখতেই প্রতি দিন মানুষের ভিড় উপচে পড়ে। ‘ভার্জিন অব দ্য মিস্টিক রোজ়’— এই নামেই তার পরিচয়। ২০১৭ সালের গোড়ার দিকে রীতিমতো খবরের শিরোনামে উঠে আসে এই মূর্তি। বলা হয়, এই মূর্তিকে নাকি সব সময়েই কাঁদতে দেখা যায়! তবে, চোখ থেকে জল নয়, বেরোয় রক্ত। এমনও সম্ভব?
এই মূর্তির মালিক তথা ফ্রিয়াস পরিবারের প্রধান রোসানা মেন্ডোজ়া ফ্রিয়াস গোটা বিষয়টি রেকর্ড করে মানুষকে দেখানোর পরে এই মূর্তির কথা মুখে মুখে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রোসানার করা ভিডিয়োতে দেখা যায়, মূর্তিটির মুখে একটি লাল তরল। দেখে মনে হচ্ছে যেন এই তরল মূর্তির চোখ থেকেই বেরোচ্ছে। ২০১৭ সালেই প্রথম সকলে সাক্ষী হয় এই নজিরবিহীন ঘটনার। রোসানার দাবি, তাঁর মায়ের শারীরিক সুস্থতা কামনা করে ওই মূর্তির কাছে প্রার্থনা করার পরেও এক বার এই মূর্তিকে কাঁদতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। এই মূর্তির সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। এক মহিলার দাবি, তাঁর শরীরে একটি তিন ইঞ্চির টিউমার ছিল। কিন্তু এই মূর্তির দেখা পাওয়ার পরে নিজে থেকেই এই টিউমার গায়েব হয়ে গিয়েছে! যদিও এর নেপথ্যের কারণ অধরা। প্রাণহীন মূর্তির চোখ থেকে কী ভাবেই বা রক্ত বেরোতে পারে? অনেক চেষ্টা করেও এই রহস্যের কিনারা করা যায়নি আজও। তবে বছর দশেক হল এই ঘটনা আলোড়ন ফেলছে গোটা বিশ্বে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।