কালীপুজোর আগে হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেই অবাক কাণ্ড! হঠাৎই জল থেকে উঠে এল দেবীমূর্তি! কিংবদন্তী কাহিনি নয়। একেবারে সত্যি ঘটনা। পুজোর প্রস্তুতির মাঝেই এই ঘটনার সাক্ষী থাকল সুন্দরবনের মানুষ।
মঙ্গলবার বসিরহাটের হিঙ্গলগঞ্জের মানুষ সাক্ষী হয়েছেন বিরল এই ঘটনার। স্থানীয় এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে জলের মধ্যে মা কালীর একটি বিগ্রহ ভাসতে দেখেন। সেই বিগ্রহ উদ্ধার করে ওই মৎস্যজীবীই নিয়ে যান গ্রামের মন্দিরে। কালী পুজোর আগেই এমন অদ্ভুত ভাবে কালীমূর্তি পাওয়ার খবর এলাকায় চাউর হতেই দলে দলে মানুষ মন্দিরে ভিড় জমান। এলাকা ছাড়িয়ে নিমেষে নানা দিকে ছড়িয়ে পড়ে খবর। ছড়িয়ে যায় সমাজমাধ্যমেও।
ভিডিয়ো ভাইরাল হতেই স্থানীয় পূঁইজালির মন্দির কমিটি ও গ্রামবাসীরা দাবি করেন, উদ্ধার হওয়া মূর্তিটি সেখানকার মন্দিরের। রায়মঙ্গল নদীতে ভেসে গিয়েছিল সেই বিগ্রহ। অবশেষে মাধবকাটি গ্রামের বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অক্ষত অবস্থায় মূর্তিটি পূঁইজালির বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পরে দেবীকে ফিরে পেয়ে খুশি গ্রামবাসীরাও।
সামনেই আলোর উৎসব। কালীপুজোর আগে আলো নিয়েই ঘরে ফিরল পূঁইজালি গ্রামের ঘরের মেয়ে!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।