এক শহরেই মিলবে কেদারনাথ থেকে রামমন্দির! বড়মার নৈহাটিতে কালীপুজোয় কোন ১০ মণ্ডপ না দেখলেই নয়?
নৈহাটিতে বড়মা তো আছেনই, সেই সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক থিম পুজোর বাহার দর্শনার্থীদের নজর কেড়েছে বহু বার। সামনেই তো দেবীর পুজো, হাতে সময় নিয়ে ঢুঁ দিয়ে আসতে পারেন নৈহাটির সেরা দশ কালীপুজোয়।
কালীপুজোয় মানুষের গন্তব্য বারাসত হলেও গত ক’য়েক বছরে সেই ছক ভেঙে দশ গোল দিয়েছে নৈহাটিও। বড়মা তো আছেনই, সেই সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক থিম পুজোর বাহার দর্শনার্থীদের নজর কেড়েছে বহু বার। এই বারেও তার অন্যথা হল না। সামনেই তো দেবীর পুজো, হাতে সময় নিয়ে ঢুঁ দিয়ে আসতে পারেন নৈহাটির সেরা দশ কালীপুজোয়।
তালিকার শুরুতে রাখা যাক নারকেল বাগান অধিবাসীবৃন্দকে। গতবছর, ‘দ্য জঙ্গল বুক’ থিমের হাত ধরে কচিকাঁচাদের আকর্ষণ করলেও এই বছর এখানকার পুজো নজর টানবে গোটা গ্রাম বাংলার। তৃতীয়বর্ষে এই ক্লাবের থিমই হল ‘গ্রাম বাংলা’। যেখানে দেবীও একজন ছাপোষা গ্রাম্য কন্যারূপেই মণ্ডপে বিরাজমান।
চলতি বছর ৪১তম বর্ষে পা দিয়েছে পানপুর বালকবৃন্দের পুজো। হত বছর নৈহাটিবাসীর কাছে ছিল, হাত বাড়ালেই দিঘার জগন্নাথ মন্দির! সেই আদলেই সেজে উঠেছিল মণ্ডপ। এ বার কিছুটা আলাদা। তাঁদের এই বছরের ভাবনা ‘নীলকণ্ঠ ধাম’।
কালীপুজোর নিরিখে নৈহাটির অন্যতম গুরুত্বপূর্ণ পুজো হল ভারতমাতা সেবা সমিতি। গত বছর তাঁরা দিয়েছিলেন পরিবেশবান্ধব বার্তা। এই বছর নতুন কী ভাবনায় তাক লাগাচ্ছে এই পুজো, সেটাই দেখার।
মহাশ্মশানে অধিষ্ঠাত্রী দেবী। নৈহাটি অগ্রগামী সঙ্ঘ মহাপীঠের পুজো বেশ নজর কেড়েছিল গত বছর। তারাপীঠ মহাশ্মশানের ভাবনা আদলেই ছিল মণ্ডপসজ্জা। দর্শনার্থীরাও জমিয়েছিলেন ভিড়। এই বছর যে চিত্রটা অন্যরকম হবে না, এ কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
কেদারনাথ দর্শন করতে চান? চলে যেতেই পারেন নৈহাটির অভিযাত্রী ক্লাবে। চলতি বছর তাঁদের ভাবনা কেদারনাথের মন্দির। অন্য দিকে সেখানকার পাড়ার সবাই ক্লাবেও এই বছর দর্শন মিলবে মহাকালের।
সময় করে দেখে নিতে পারেন গোপাল স্মৃতি সঙ্ঘ। এই বছর তাঁদের ভাবনায় উঠে এসেছে নেপালের বুদ্ধ মন্দির।
রামমন্দির দর্শনের জন্য অযোধ্যা যাওয়ার দরকার নেই। নৈহাটির স্বামীজি সঙ্ঘের পুজোয় এলেই মিলবে দর্শন। ২০২৬-এ তাঁদের ভাবনা রামমন্দির।
এ ছাড়াও রয়েছে মক্কেশ্বর ঘাট সর্বজনীন শ্রীশ্রী শ্যামা পুজো। নৈহাটির অন্যতম প্রাচীন পুজোগুলির মধ্যে একটি। গত বছর শতবর্ষে পা দিয়েছে এটি।
আরও পড়ুন:
পাশাপাশি রয়েছে নৈহাটি পার্ক কর্নার সর্বজনীন কালীপুজো। নৈহাটির অন্যতম ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটি হল এটি।
দেখে নিতে পারেন ২৯ হাত কালীপুজো। ২৯ হাত লম্বা বিশালাকার দেবীর প্রতিমাই হল এর বিশেষত্ব। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)