পুজোর সময় অনেকেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। কোথায় কোথায় ঘুরবেন, কী ভাবে কাটাবেন দিনগুলো সবই প্রায় ঠিক হয়ে গেছে। কোথায় থাকবেন সেটা ঠিক হয়েছে কি? তাহলে প্রশ্ন হল, সব কিছু ভালভাবে দেখে ঠিক করেছেন তো থাকার জায়গা?
আনন্দ-মজা সবই হবে কিন্তু এই সবের মাঝে যেন আপনার গোপনীয়তা নষ্ট না হয়, সেই দিকেও নজর রাখতে হবে। অনেক সময় হোটেলের ঘরে অসৎ উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয় ক্যামেরা। সেই ক্যামেরায় ধরা পড়ে ব্যক্তিগত বা গোপনীয় মুহূর্ত। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কী করবেন বুঝতে পারছেন না? কী করে বুঝবেন ঘরের আয়নায় ক্যামেরা লাগানো আছে কি না?
যন্ত্র দেখতে পাচ্ছেন?
হোটেলে যাওয়ার পর প্রথমেই লক্ষ্য করুন ঘরের আয়নাটি। বিসদৃশ লাগছে? বা বসানো রয়েছে অস্বাভাবিক জায়গায়? তাহলে সতর্ক হন। চারপাশে কোনও যন্ত্র বা ডিভাইস দেখতে পারছেন কি? তাহলে সচেতন হন।
আঙুলের কেরামতি
ফিঙ্গার টেস্টের নাম শুনেছেন? এই পরীক্ষার মাধ্যমে কিছুটা বোঝা যেতে পারে যে আয়নার দুই দিক থেকে দেখা যায় (টু ওয়ে) কি না। এটি করা বেশ সহজ। নিজের একটা আঙুল আয়নার ওপর রেখে, আপনার আঙুল আর আঙুলের প্রতিফলনের মধ্যে দূরত্ব কত সেটা দেখুন। যদি আপনার আঙুল আর আঙুলের প্রতিফলনের মাঝে ফাঁক থাকে তবে আয়নাটি নিরাপদ। আর যদি ফাঁক না থাকে তবে সেটা দুই দিক থেকে দেখা যায় (টু ওয়ে) এমন আয়না। আপনি বুঝতেও পারছেন না অথচ আপনারই বিপরীতে দাঁড়িয়ে কেউ লক্ষ্য রাখছেন আপনার সব মুহূর্ত।
আলো দিয়েই বাজিমাত
ঘরের সমস্ত আলো নিভিয়ে পুরোপুরি অন্ধকার করে ফেলুন। এবার মোবাইলের টর্চ বা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আয়নার কাচের গায়ে একদম ঠেকিয়ে ধরুন। যদি ওটা টু-ওয়ে মিরর হয় বা পেছনে কোনও লুকনো ক্যামেরা বসানো থাকে, আলো কাচ ভেদ করে ভেতরের অংশ বা লেন্স আলোকিত করে দেবে। আপনিও উল্টো দিকটা পরিষ্কার দেখতে পাবেন।
নক টেস্ট
আয়নার গায়ে আঙুল দিয়ে টোকা দিন। সাধারণ আয়নায় টোকা দিলে ভরাট শব্দ হয়। কিন্তু আয়নার পিছনে ফাঁকা জায়গা থাকলে ফাঁপা ড্রামের মতো আওয়াজ হয়। আপনার সঙ্গে এমন কিছু ঘটে থাকলে তখনই সাবধান হন।
সব হোটেলেই যে লুকনো ক্যামেরা থাকে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তবে অস্বাভাবিক কিছু দেখতে পেলে তা এড়িয়ে যাবেন না। একবার সন্দেহ হলে নিশ্চিন্ত হওয়া না পর্যন্ত সতর্ক থাকুন।
আর হোটেল কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টি জানান। প্রয়োজনে থাকার জায়গা পরিবর্তন করুন। নিজের নিরাপত্তা বজায় রেখে আনন্দে থাকুন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।