সারা বছর কাজ, পড়াশোনা, ব্যস্ততা সব মিলিয়ে নিজের সঙ্গে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কোথায়? তাই পুজোর ছুটিতে প্রতিদিন ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরোনোর বদলে যদি এক-দু’দিন বাড়িতেই কাটাতে চান, মন্দ কী! পছন্দের খাবার, পরিবারের সঙ্গে আড্ডা আর রাতে একসঙ্গে সিনেমা— সব মিলিয়ে পুজোর ছুটির কয়েকটা দিনেই কাটাতে পারেন অন্য রকম সময়।
বাড়ির সাধারণ টিভিতে সিনেমা দেখতে ভাল লাগছে না? মনে হচ্ছে একটু বড় পর্দা হলে ভাল হত? আবার পুজোর শহরে রাস্তায় ভিড়ের কথা ভেবে সিনেমা হল পর্যন্ত যেতেও ইচ্ছে করছে না?
তা হলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। সিনেমা হলে যাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন নিজের সিনেমা হল। কম খরচে মাত্র কয়েকটি জিনিস দিয়ে।
প্রথমেই দরকার একটি প্রোজেক্টর। খুব কম বাজেটে শুরু করতে চাইলে বাজারে আনুমানিক ৩,০০০-৫,০০০ টাকার মধ্যে বেশ কিছু মিনি প্রোজেক্টর পেয়ে যাবেন। যেমন, পাঙ্ক এইচওয়াই৩০০ প্রো প্রায় ৩,৯০০ টাকা এবং এগেট অ্যাটম ২এক্স প্রায় ৫,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে।
আর একটু ভাল ব্র্যান্ডের দিকে যেতে চাইলে আছে জেব্রনিক্স পিক্সাপ্লে ৩০, যার বাজারদর প্রায় ৫,৯৯৯ টাকা।
এই প্রোজেক্টর গুলোতে রয়েছে স্মার্ট অপারেটিং সিস্টেম। ফলে সরাসরি ইউটিউব বা যে কোনও ওটিটি ব্যবহার করা যায়।
শুধু প্রোজেক্টরের শব্দে মন না ভরলে সঙ্গে নিতে পারেন একটি ব্লুটুথ স্পিকার। খুব কম বাজেটে জেব্রনিক্স পিক্সি প্রায় ৪৫০ টাকা বা বোট স্টোন ১৮০-এর মতো স্পিকার ৯০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন।
যদি আপনার প্রোজেক্টরে সরাসরি প্রয়োজনীয় স্ট্রিমিং পরিষেবা না থাকে, তা হলে চাই একটি স্ট্রিমিং ডিভাইস,। তবে স্মার্ট প্রোজেক্টর হলে আলাদা ডিভাইস না কিনেও কাজ চলে।
সবশেষে দরকার একটি পরিষ্কার সাদা দেওয়াল বা পর্দা এবং যতটা সম্ভব অন্ধকার ঘর। আলো কম থাকলে কম দামের প্রোজেক্টর থেকেও তুলনামূলক ভাল ছবি আসে।
তাই সিনেমা দেখার জন্য পুজোর রাতে যানজট পেরিয়ে সিনেমা হলে যাওয়ার আর দরকার নেই। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে বাড়ির একটি ঘরকেই বানিয়ে ফেলতে পারেন সিনেমা হল। আর সপরিবারে উপভোগ করতে পারেন পছন্দের সিনেমা। কারণ, পুজোর আসল আনন্দ তো কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোতেই লুকিয়ে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।