Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর সময় একা বেড়াতেই বেশি স্বচ্ছন্দ? রইল সুবিধা-অসুবিধার সহজ হিসেব

একা ঘুরতে গেলে আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনার ইচ্ছেই শেষ কথা। খুব সকালে ঘুম থেকে উঠবেন নাকি দেরি করে, কী খাবেন, কখন কী খাবেন বা কোনও কিছু আদৌ খাবেন কিনা, কোন কোন জায়গায় ঘুরতে যাবেন, নাকি স্রেফ হোটেল, রিসর্ট বা হোমস্টে-তে নিজের সঙ্গে সময় কাটাবেন-- সবটাই আপনার সিদ্ধান্ত।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৬
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

অনেকদিন ধরেই মনের কোণে ইচ্ছেটা উঁকি দিচ্ছিল। এ বার পুজোর সময়ে সাহস করে একাই বেড়াতে যেতে চান। তা ঘিরে মনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন? একা বেড়াতে যাওয়ার কিন্তু ভাল-মন্দ দুই দিকই আছে। তাই পরিকল্পনা করার আগে জেনে নিন সব খুঁটিনাটি। অসুবিধে রয়েছে ঠিকই, তবে শুরু করা যাক সুবিধার প্রসঙ্গ দিয়েই।

একা ঘুরতে গেলে আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনার ইচ্ছেই শেষ কথা। খুব সকালে ঘুম থেকে উঠবেন নাকি দেরি করে, কী খাবেন, কখন কী খাবেন বা কোনও কিছু আদৌ খাবেন কিনা, কোন কোন জায়গায় ঘুরতে যাবেন, নাকি স্রেফ হোটেল, রিসর্ট বা হোমস্টে-তে নিজের সঙ্গে সময় কাটাবেন-- সবটাই আপনার সিদ্ধান্ত।

শুধু স্বাধীনতা নয়, একা বেড়াতে যাওয়ার আরও কিছু ভাল দিক রয়েছে। যেমন আপনি অনেক বেশি সুযোগ পাবেন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করার, তাঁদের জীবন বা সংস্কৃতি সম্পর্কে জানার। এ ছাড়াও পাবেন প্রকৃতির সঙ্গে নিজের ইচ্ছেমতো সময় কাটানোর সুযোগ। কেউ সঙ্গে থাকলে তাঁর সুবিধা-অসুবিধার কথাও মাথায় রাখতে হয়, কিন্তু একা গেলে সে সব ঝামেলা নেই।

কেউ কেউ দাবি করেন, একা বেড়াতে গেলে মনোসংযোগ বাড়ে। যেহেতু নিজের খেয়াল নিজে রাখতে হয়,তাই চারপাশের অবস্থা সম্পর্কে সচেতনতাও বাড়ে। নিজের মনের উপরে নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, সঙ্গে বৃদ্ধি পায় আত্মবিশ্বাস। সম্পূর্ণ অচেনা জায়গায় একা নিজের খেয়াল রাখতে রাখতে সাহসীও হয়ে উঠবেন। সর্বোপরি নিজেকে চেনার জন্য আদর্শ হতে পারে আপনার এই একা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত।

আর অসুবিধে? ধরুন অসম্ভব সুন্দর একটা জায়গায় গিয়ে আপনার খুব ভাল অনুভূতি হল। সেই অনুভূতি তৎক্ষণাৎ কারও সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। কিন্তু আপনি একা বেড়াতে গিয়েছেন। হয়তো সেই সময়ে আশেপাশে কেউ নেই,ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। তখন ইচ্ছে করলেও কাউকে পাওয়া যাবে না।

আরও কিছু বাস্তব সমস্যার দিকেও একটু নজর দেওয়া যাক। ধরুন বেড়াতে গিয়ে আপনি কোনওভাবে অসুস্থ হয়ে পড়লেন। হয়তো খাবার আনতে বাইরে যেতে ইচ্ছে করছে না। অথবা ধরুন, অনেক লটবহর নিয়ে পৌঁছলেন বিমানবন্দর বা স্টেশনে। যদি প্রয়োজন হয়, তখন মালপত্র নিয়ে আপনি শৌচাগার ব্যবহার করবেন কী ভাবে? তখন মনে হতেই পারে, সঙ্গে কেউ থাকলে সুবিধা হতো।

এ সব ছাড়াও আছে ঘর ভাড়া, খাওয়ার খরচ বা গাড়ির খরচ। সঙ্গে কেউ থাকলে যা ভাগাভাগি করে নেওয়া যায়। ফলে বাজেট খানিকটা হলেও কমে যায়। বেড়াতে গেলে খরচের দিকটা তো ভাবতেই হয়!

তা হলে কী ঠিক করলেন? একাই যাবেন নাকি সঙ্গে কাউকে নেবেন? যাঁরা কিছুতেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না, তাঁদের জন্য রইল একটি বিশেষ পরামর্শ। নিজের পছন্দের মানুষদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। শুধু দিন তিনেক আগে গন্তব্যে পৌঁছে যান একা। বাকিরা পৌঁছনোর আগে সেই ক'টা দিন নিজের মতো করে একা একা ঘুরে নিন। আর তার পরে সবাই এসে গেলে তাঁদের সঙ্গে আনন্দ করে কাটান বাকি দিনগুলি। এতে সবার সঙ্গে ঘোরাও হবে, আবার আপনার একলা ভ্রমণের অভিজ্ঞতাও হবে। আর সেই অভিজ্ঞতাই হয়তো আপনাকে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Solo Travel Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy