জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ‘গেট ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া চলছে। এরই মাঝে আবেদনকারীদের পরীক্ষা আয়োজক সংস্থা আইআইটি মাদ্রাজ জানাল, যাঁদের ডিজিলকার অ্যাকাউন্ট এখনও ভেরিফাইড নয়, তাঁরাও গেট ২০২৭-এর জন্য আবেদন জমা দিতে পারবেন। এর আগে জানানো হয়েছিল ডিজিলকার ছাড়া আবেদন করা যাবে না।
আবেদনপত্র পূরণ করার সময় ডিজিলকার অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকলে প্রার্থীরা ডিফল্ট আইডি প্রুফ নির্বাচন করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, কেবলমাত্র অঘোষিত বা আনভেরিফাইড ডিজিলকার অ্যাকাউন্টের কারণে কোনও প্রার্থীর আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে না।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সব আবেদনপত্র ভাল ভাবে খতিয়ে দেখা হবে। সেই সময়েই প্রার্থীদের জমা দেওয়া প্রয়োজনীয় নথিপত্রগুলি যাচাই করবে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে আইআইটি মাদ্রাজের নিজস্ব ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। যদিও ৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে বিলম্বিত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন সংশোধনের সুযোগ মিলবে ১৪ থেকে ২১ অক্টোবর।
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে আইআইএসসি এবং বিভিন্ন আইআইটি-এর হয়ে এ বছর পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি মাদ্রাজ। গেট উত্তীর্ণ প্রার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির পাশাপাশি দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির আবেদনের ক্ষেত্রে এই স্কোর ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:
গেট ২০২৭ পরীক্ষা হবে পরের বছরের ৬, ৭, ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার শহর বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৪ জানুয়ারি। তবে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এখনও জানানো হয়নি। পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া ১৯ মার্চ ২০২৭। এ বারের পরীক্ষায় নতুন সংযোজন করা হয়েছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (আরএ) বিষয়টি। এর ফলে গেট ২০২৭-এ মোট ৩০টি পত্রে পরীক্ষা নেওয়া হবে।