এমবিবিএস-এর প্রথম প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে আরও এক বার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া যোগ্য পড়ুয়ারা এই অতিরিক্ত সুযোগ পাবেন। এর ফলে প্রথম প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নির্ধারিত সর্বোচ্চ চেষ্টার সংখ্যা চার থেকে বেড়ে পাঁচ হচ্ছে। তবে এই সুযোগ এককালীন এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষ।
এমসিসি-র ১৮তম বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে। পড়ুয়া, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের তরফে অতিরিক্ত সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল।
কারা পাবেন অতিরিক্ত সুযোগ?
এনএমসি-র সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া যোগ্য পড়ুয়ারা প্রথম প্রফেশনাল পরীক্ষায় পাশ করার জন্য নির্ধারিত চারটি চেষ্টার অতিরিক্ত আরও এক বার সুযোগ পাবেন। এমন পড়ুয়ারাও এই সুযোগের জন্য বিবেচিত হবেন, যাঁরা প্রথম প্রফেশনাল এমবিবিএস কোর্স শেষ করার নির্ধারিত চার বছরের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে তাঁদের ভর্তি বৈধ থাকতে হবে। কোনও কারণে ভর্তি বাতিল হয়ে গেলে এই সুযোগ পাওয়া যাবে না।
অন্য দিকে, কমিশনের আগের কোনও সিদ্ধান্ত অথবা আদালতের নির্দেশ অনুযায়ী যাঁরা ইতিমধ্যেই অতিরিক্ত সুযোগ পেয়েছেন এবং মোট পাঁচটি চেষ্টাই ব্যবহার করে ফেলেছেন, তাঁরা আর নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। অর্থাৎ, কোনও পড়ুয়াকেই ষষ্ঠ বার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না।
এমবিবিএস শেষ করার ১০ বছরের সময়সীমায় ছাড় নয়
প্রথম প্রফেশনাল পরীক্ষায় অতিরিক্ত সুযোগ দেওয়া হলেও এমবিবিএস কোর্স সম্পূর্ণ করার সর্বোচ্চ সময়সীমায় কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে এনএমসি। ভর্তি হওয়ার দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের মধ্যে এমবিবিএস কোর্স এবং বাধ্যতামূলক রোটেটিং মেডিক্যাল ইন্টার্নশিপ (সিআরএমআই) শেষ করতে হবে। অতিরিক্ত সুযোগ পাওয়ার কারণে এই সময়সীমা বাড়ানো যাবে না।
আরও পড়ুন:
এনএমসি জানাচ্ছে, বিশেষ পরিস্থিতিতে আটকে থাকা যোগ্য পড়ুয়াদের সাময়িক স্বস্তি দিতেই এককালীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়মের সংশোধিত সংস্করণকে অতীতের শিক্ষাবর্ষগুলির ক্ষেত্রে পিছন থেকে কার্যকর করা হচ্ছে, এমনটা নয়। পাশাপাশি, ভবিষ্যতের শিক্ষাবর্ষগুলির জন্যও এই সিদ্ধান্তকে নজির হিসেবে ব্যবহার করা যাবে না।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং অন্যান্য কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বিবেচনায় রেখে যোগ্য পড়ুয়াদের আবেদন ও পরীক্ষায় বসার সুযোগ সংক্রান্ত বিষয়গুলি প্রয়োজনীয় নিয়ম মেনে প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছে এনএমসি।