মঞ্চে অভিনয় দিয়েই যাত্রা শুরু। তার পর ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান অভিনেতা অর্পণ ঘোষাল। যদিও তার পর ছোট পর্দায় তাঁকে আর নিয়মিত দেখা যায়নি। বড় পর্দা এবং ওয়েব সিরিজ়ে কাজ করলেও গত তিন বছর কার্যত ছোট পর্দা থেকে দূরেই ছিলেন অভিনেতা। এ বার একসঙ্গে দু’টি ধারাবাহিকে দেখা যাবে অর্পণকে।
কিছু দিনের মধ্যেই শুরু হবে ‘সতীপীঠ কালীঘাট’। কালীঘাটের ইতিহাসকে কেন্দ্র করে তৈরি এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ পর্বে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্পণকে। অন্য দিকে, আরও একটি টেলিসিরিজ়েও অভিনয় করেছেন তিনি। ১০০ পর্বের সেই কাহিনির সম্প্রচারও শীঘ্রই শুরু হবে।
স্বীকৃতির সঙ্গে অর্পণের জুটি আলোচিত হয়েছিল। ছবি: সংগৃহীত।
দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফেরার প্রসঙ্গে অর্পণ বললেন, “অনেক দিন দর্শক আমাকে ছোট পর্দায় দেখেনি। তাই ভাবলাম একসঙ্গে দু’টি ধারাবাহিকে কাজ করি। মজা করছি। আসলে বিষয়টা এমন নয়। টেলিসিরিজ়ের কাজটি আমি এক বছর আগেই করেছিলাম। সেটিই এখন দেখানো হবে। আর ‘সতীপীঠ কালীঘাট’-এর শুটিং এখনও শুরু হয়নি। শুধু প্রোমোর শুটিং করেছি। ভালই লাগছে।”
কেন ফিরছেন ছোটপর্দায়? ছবি: সংগৃহীত।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত অর্পণ। চলতি বছরে ইতিমধ্যেই তিনটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। তাঁকে দেখা গিয়েছে ‘কর্পূর’ ছবিতে। এ ছাড়াও ‘গুনগুন করে মহুয়া’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেতা। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। এর পাশাপাশি আরও বেশ কিছু কাজের কথাবার্তা চলছে। তবে কোনওটিই এখনও চূড়ান্ত হয়নি। আপাতত তাই ছোট পর্দায় দীর্ঘ বিরতি কাটিয়ে একসঙ্গে দু’টি ধারাবাহিকে ফেরার অপেক্ষায় অর্পণ।