Advertisement
E-Paper

‘জ়ুম কলে মিটিং’, তিন ভাবে আসে চিত্রনাট্য, ‘পিদ্দী’র জন্য তেলুগু ভাষা কী ভাবে রপ্ত করেন রজতাভ?

প্রথম দক্ষিণী ভাষার ছবিতে অভিনয় করার অভিজ্ঞতাও খুব ভাল, দাবি অভিনেতা রজতাভ দত্তের। ভাষা কী ভাবে রপ্ত করলেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৫:২৮
প্রথম বার দক্ষিণী ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রজতাভ দত্ত।

প্রথম বার দক্ষিণী ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রজতাভ দত্ত। ছবি: সংগৃহীত।

খয়েরি চোখের মণি। তাঁর মুখের চোখা চোখা সংলাপ সকলের প্রিয়। প্রথম বার দক্ষিণী ছবিতে অভিনয় করলেন অভিনেতা রজতাভ দত্ত। বাংলা ছবিতে খলনায়ক হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার। প্রথম বার দক্ষিণী ছবিতে অভিনয়, উপরি পাওনা অভিনেতা রাম চরণ। ‘পিদ্দী’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা, দক্ষিণের ভাষার শেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

ছবিতে খুবই স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছে রজতাভকে। অভিনেতা বলেন, “ক্যামিয়ো চরিত্রই বলা চলে। কিন্তু সেইটুকুর জন্যও যা সম্মান পেয়েছি, তাতে আপ্লুত। আমাকে খুব যত্ন করেছেন ওঁরা।”

প্রথম দক্ষিণী ভাষার ছবিতে অভিনয় করার অভিজ্ঞতাও খুব ভাল, দাবি অভিনেতার। ভাষা কী ভাবে রপ্ত করলেন তিনি? রজতাভ বললেন, “প্রথমে তো আমি প্রশ্ন করেছিলাম, কেন বাছা হল আমাকে? সঙ্গে সঙ্গে উত্তর পাই —ওদের একটা বড় রিসার্চ টিম আছে। আমাকে কোনও অডিশনও দিতে হয়নি। ‘জ়ুম কল’-এর মাধ্যমে এক জন সহ-পরিচালক প্রথমে কথা বলেন। পরিচালক বুচি বাবু সানাও ছিলেন। তেলুগু এবং ইংরেজি ভাষাতেই পরিচালক মূলত স্বচ্ছন্দ ছিলেন। সেই ‘জ়ুম কল’-এই আমাকে বলা হয়েছিল কিছু অভিব্যক্তি করে দেখাতে। যা দেখে পরিচালক ‘ওকে’ বলে চলে যান।”

তার পরে চিত্রনাট্য পাঠানো হয়েছিল রজতাভকে। ইংরেজি হরফে তেলুগু লিখে দেওয়া হয়েছিল তাঁকে। যাতে কিছুটা সুবিধা হয় বুঝতে। অভিনেতা যোগ করেন, “সহ-পরিচালক সংলাপগুলো রেকর্ড করে পাঠাতেন। আর একটি ইংরেজি চিত্রনাট্য তো ছিল। রেকর্ড করা সংলাপ, ইংরেজি চিত্রনাট্য এবং রোমান হরফে তেলুগু চিত্রনাট্য রেখে আমি প্রস্তুতি নিতাম। সবাই আমাকে খুব সাহায্য করেছেন।”

হিন্দি এবং তেলুগু—দুই ভাষাতেই ‘ডাবিং’ করেছেন রজতাভ। অভিনেতা বলেন, “আসলে এখানে তো কেউ আশা করেননি যে, আমি স্পষ্ট ভাবে তেলুগু বলব। তাই যতটুকু পেরেছি, তাতেই আমাকে উৎসাহ দিয়েছেন ওঁরা।”

রজতাভের কথায়, রাম চরণ অত্যন্ত বিনয়ী মানুষ। অভিনেতা বলেন, “লক্ষ করে দেখেছি, এই ধরনের মানুষেরা অমায়িক হন। এখানেও তার অন্যথা নয়। নিজেই হাত বাড়িয়ে পরিচয় করে নেন। বলেন, ‘হাই স্যর, আমি রাম চরণ’। শট ভাল হলে প্রশংসা করতে কার্পণ্য করেননি। আমি যে ভাষার প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ করছি, তা নিয়েও বার বার প্রশংসা করেছেন। এগুলোই হয়তো প্রাপ্তি আমার।” টলিপাড়ায় ডামাডোলের মাঝে অভিনেতা শুধুই তাই নিজের কাজ নিয়ে থাকতে চান। রাজনৈতিক পালাবদল হোক কিংবা অন্য কিছু, সব থেকে দূরে তিনি।

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এবং ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রজতাভকে। এই মুহূর্তে ‘দেশু৭’ এবং ‘নলিনীকান্ত’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেতা।

Bollywood Ram Charan Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy