পুজোর মরসুম শেষ। এ বার অপেক্ষা দীপাবলির। এই সময়ে অনেকে বেড়াতে যান। কিন্তু যাঁদের সেই সুযোগ নেই, তাঁরা ঘরে বসেই সুসময় উপভোগ করতে পারেন ওটিটি-তে চোখ রেখে। এই সপ্তাহেও রয়েছে নানা ছবি ও সিরিজ়। থ্রিলার থেকে ভৌতিক, নানা রকমের কনটেন্ট রয়েছে ওটিটি-তে।
১) আক্কা: আশির দশকের দক্ষিণ ভারত। পেরনুরু শহরের অপরাধজগৎ শাসন করত এক শক্তিশালী নারীবাহিনী। এই পটভূমিতেই তৈরি হয়েছে অপরাধমূলক ধারাবাহিক ‘আক্কা’। দুই ক্ষমতাশালী নারীর সংঘাতকে ঘিরেই এগোবে কাহিনি। এক দিকে রাধিকা আপ্টে, অন্য দিকে কীর্তি সুরেশ। তাঁদের মধ্যে ক্রমশ বাড়তে থাকা শত্রুতা। শেষ পর্যন্ত কার হাতে যায় ক্ষমতা? ৩০ অক্টোবর থেকে এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।
২) মিঠে মে কেয়া হ্যায়: একই পরিবারের বিভিন্ন প্রজন্মের মানুষের সম্পর্ক, পুরনো গোপন কথা আর মতের অমিল, এই নিয়েই পারিবারিক কাহিনি ‘মিঠে মে কেয়া হ্যায়’। পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা নানা সমস্যা সম্পর্কের সমীকরণ জটিল করে তোলে। দীর্ঘদিনের চাপা কথা, পুরনো দ্বন্দ্ব আর নতুন পরিস্থিতি কী ভাবে সামাল দেন পরিবারের সদস্যেরা, তা নিয়েই এগোবে এই সিরিজ়। ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
৩) আ কাপল অফ লাইজ়: সম্পর্কের টানাপড়েন যখন রহস্য আর অপরাধের সঙ্গে মিশে যায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা উঠে আসবে সুইডেনের এই সিরিজ়ে। এটি একটি সাইকোথ্রিলার। রয়েছে দুই ধনী দম্পতির কাহিনি। নিজেদের দাম্পত্য বাঁচানোর মরিয়া চেষ্টায় তাঁরা স্টকহোমে বাড়ি বদল করেন। কিন্তু নতুন পরিবেশে গিয়ে তারা আবিষ্কার করে, বাড়িতে লুকিয়ে রাখা আছে নজরদারির ক্যামেরা। প্রকাশ্যে আসতে শুরু করে অস্বস্তিকর সব গোপন তথ্য। এর পরেই প্রতারণা, হিংসা এবং অপরাধের এক বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েন তাঁরা। সম্পর্ক বাঁচানোর চেষ্টা শেষ পর্যন্ত তাঁদের কোথায় নিয়ে যায়, সেটাই এই সিরিজ়ের মূল আকর্ষণ। এই সিরিজ়ও ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
৪) অবসেশন: প্রেক্ষাগৃহে এই ভৌতিক ছবি সাড়া ফেলেছিল। পছন্দের নারী নিক্কির সঙ্গে সম্পর্ক চেয়েছিল বিয়ার। একটি অতিপ্রাকৃত বস্তু ব্যবহার করে সেই প্রার্থনা সফল হয় তার ঠিকই। কিন্তু বদলে যায় পরিস্থিতি। সেই সম্পর্কই যেন জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে হাজির হয় তার সামনে। নিক্কি যেন একেবারে বদলে যায়। একসময় যে ছিল স্বপ্নের নারী, সেই বিভীষিকায় বদলে যায়। ধীরে ধীরে সে হিংস্র হয়ে ওঠে। এমনকি, বন্ধুদের খুন করতেও শুরু করে। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টায় ভয়াবহ পরিণতি হয় তাদের। জিয়োহটস্টারে ৩০ অক্টোবর থেকে দেখা যাবে এই ছবি।
৫) কলিশন কোর্স: ২০১৩ সালে স্পেনের আর্থিক সঙ্কটের পটভূমিতে তৈরি রহস্যরোমাঞ্চ কাহিনি দেখা যাবে। মাদ্রিদে একটি ব্যাঙ্কে ডাকাতির পরিকল্পনা করে একদল চোর। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোয় না। পরিস্থিতি দ্রুত বদলে গিয়ে শুরু হয় প্রাণ বাঁচানোর লড়াই। ঘটনার জট খুলতে থাকলে প্রকাশ্যে আসে একাধিক গোপন বিষয়। ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা কী ভাবে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়, তা নিয়েই এগোবে ছবির কাহিনি। ৩০ অক্টোবর থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।