বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমারও এখন ষাটের দোরগোড়ায়। তবে তাঁর ক্ষেত্রে ষাট সম্ভবত প্রৌঢ়ত্বের প্রথম ধাপ। কারণ এই বয়সেও ‘খিলাড়ি’র শারীরিক ফিটনেস তুঙ্গে। প্রায় অর্ধেক বয়সি সঙ্গে পাল্লা দিয়ে স্টান্ট করেন তিনি। সেই ফিটনেসের নেপথ্যে একটি কারণ অবশ্যই তাঁর প্রতিদিনের ঘড়ির কাঁটা মেলানো রুটিন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে শারীরচর্চা করেন অক্ষয়। যোগাসন, বক্সিং অথবা মার্শাল আর্ট অভ্যাস করে প্রাত্যহিক ব্যায়াম সেরে তার পরে করেন প্রাতরাশ। সেই প্রাতরাশের টেবিলে কী কী থাকে তাঁর? এক সাক্ষাৎকারে তার জবাব দিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের প্রাতরাশের এবং সারাদিনের খাবারের মূলমন্ত্র একটাই। তিনি কোনও প্যাকেটজাত খাবার খান না। চিনি বা ফ্যাটযুক্ত খাবারও খান না। অক্ষয় এক জন ভিগান। তাই তাঁর ডায়েটে থাকে কেবল উদ্ভিজ্জ খাবারই। এমনকি, দুধ খেলেও তিনি খান সয় মিল্ক, কোকোনাট মিল্ক অথবা আমন্ড মিল্ক। অক্ষয় জানিয়েছেন, প্রাতরাশেও এই সব ক’টি নিয়ম বজায় রেখেই খাবার তৈরি হয় তাঁর জন্য।
প্রাতরাশে টোস্ট খেতে পছন্দ করেন অক্ষয়। তবে যেহেতু তিনি ঘি বা মাখন খান না, তাই তাঁর টোস্টে দেওয়া থাকে অ্যাভোকাডোর শাঁসের মিশ্রণ। এর সঙ্গে চিয়াবীজের পুডিং খান অক্ষয়, যা বানাতে হয় উদ্ভিজ্জ দুধে ভেজানো চিয়াবীজ, বেরি জাতীয় ফল এবং বিভিন্ন ধরনের বাদাম মিশিয়ে। অক্ষয় জানিয়েছেন, তাঁর প্রিয় প্রাতরাশ এই দু’টিই। তবে মাঝে সাঝে স্বাদ বদলের জন্য তিনি মুগডালের চিল্লা অথবা জোয়ার দিয়ে তৈরি প্যানকেক খান পুদিনার চাটনিতে ডুবিয়ে।
২০২০ সাল থেকেই ভিগান অর্থাৎ সম্পূর্ণ উদ্ভিজ্জভোজী অক্ষয়। তাঁর খাবার বানানোর দায়িত্বে থাকা সংস্থা পড সাপ্লাই জানিয়েছে, অক্ষয় একজন অত্যন্ত নিয়মানুবর্তী মানুষ। তিনি বেড়াতে গেলেও তাঁর প্রতিদিনের প্রাতরাশ বা দিনের অন্যান্য মেনুতে হেরফের হয় না।