বন্যায় বিপর্যস্ত বিহার। ইতিমধ্যেই ১৪টি জেলা প্লাবিত হয়েছে। গত পাঁচ দিনের বৃষ্টিতে গঙ্গা-সহ নদীগুলির জলস্তর ভয়ানক ভাবে বেড়েছে। কোনও কোনও নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, ৮৪টি ব্লকের ৫১৪টি গ্রাম পঞ্চায়েত ৪০ লক্ষ ২১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে কোনও কোনও এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তার মধ্যে নেপালেও ভারী বৃষ্টি হওয়ায় সেই জলে বিহারের নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, এ মাসে এখনও পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের তুলনায় যা ৩১ শতাংশ বেশি। তবে আগামী দু’দিন আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বন্যাবিধ্বস্ত জেলাগুলির মধ্যে রয়েছে পটনা, ভোজপুর, সারণ, বৈশালী, ভাগলপুর, বেগুসরায়, বক্সর, সমস্তিপুর, মুঙ্গের, কটিহার, লখিসরায়, খাগাড়িয়া, পুর্ণিয়া এবং অরওয়াল। পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৭টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল মোতায়েন করা হয়েছে। ভাগলপুরের সুলতানগঞ্জে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জল। এ ছাড়াও গণ্ডক, কোশী, বুড়ি গণ্ডক, পুনপুন, বাগমতী এবং ঘাঘরা বহু জায়গায় বিপদসীমার উপরে পৌঁছে গিয়েছে। ৭২৩টি কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য ১৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। ১৩ হাজার ৪৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।