বর্ষার মরসুমে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। গত ৩০ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি, ধস, হড়পা বান এবং দুর্ঘটনায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এমনই বলছে স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (এসইওসি) তথ্য। দুর্যোগের জেরে রাজ্য জুড়ে এখনও ১৫০টি সড়ক বন্ধ হয়ে রয়েছে।
এসইওসি-র তথ্য বলছে, বৃষ্টি এবং বর্ষাজনিত কারণে ১০৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ধসে মৃত্যু হয়েছে ১৮ জনের। জলের তোড়ে ভেসে এবং জলে ডুবে মৃত্যু হয়েছে ১৩ জনের। ৩৪ জনের মৃত্যু হয়েছে গাছ এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের নীচে চাপা পড়ে। বর্ষায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শিমলা এবং সিরমৌরে। এই দুই জেলার প্রতিটিতে মৃতের সংখ্যা ১৯।
গত ৬৪ দিনে আহত হয়েছেন ৪৬৮ জন, নিখোঁজ তিন জন। দুর্যোগের কারণে পুরো ধ্বংস হয়ে গিয়েছে এমন ঘরবাড়ির সংখ্যা ৩৪। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫১টি বাড়ি। মৃত্যু হয়েছে ৪৫০টি পশুরও। সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ক্ষতিগ্রস্ত সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি।
এসইওসি-র তথ্য বলছে, সবচেয়ে বেশি রাস্তা বন্ধ মন্ডীতে। সেখানে ৭৮টি সড়ক বন্ধ হয়ে রয়েছে। তার পর রয়েছে শিমলা (৩০)। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। ৩৭৪টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। তার মধ্যে মন্ডী জেলায় ১২৮টি, শিমলায় ৮৪ এবং কুল্লুতে ৮১। শিমলার আবহাওয়া দফতর জানিয়েছে, চম্বা, কাংড়া, মন্ডী, বিলাসপুর এবং সিরমৌরে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।