Advertisement
E-Paper

মণিপুরে নাগা নেতাদের কনভয়ে জঙ্গি হামলায় নিহত চার, নিখোঁজ এক, সন্দেহের তির কুকি জঙ্গিদের দিকে

জনগণনার আগে এনআরসি করা ও অবৈধ কুকি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে একজোট হয়েছে মেইতেই ও নাগারা। তারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ২৩:৩১
হামলার  ঘটনার পর এলাকায় মোতায়োন নিরাপত্তা বাহিনী।

হামলার ঘটনার পর এলাকায় মোতায়োন নিরাপত্তা বাহিনী। —ছবি : সংগৃহীত

আবার নাগা-কুকি সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। বৃহস্পতিবার কাংপোকপি জেলার দু’গোষ্ঠীর লড়াইয়ে চার জন নিহত হয়েছে। দু’জন আহত এবং এক জন নিখোঁজ।

পুলিশ সূত্রের খবর, মাকুই আশাং ও থানাম্বা নাগা এলাকার মধ্যবর্তী এলাকায় আইটি রোডের উপর মাকুই গ্রাম থেকে সেনাপতিগামী নাগাদের একটি গাড়িতে হামলা চালায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান একটি মিশনারি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ তাদসোংবৌ রিংকাংমাই। সামজির সংগঠন মাকুই ইয়ুথ ক্লাবের দুই কর্মকর্তা এবং এক নাগা ছাত্রনেতাও নিহত হন। গুরুতর আহত হন দু’জন নাগা সমাজসৈনিক। এ ছাড়া হামলার পর থেকে খোঁজ মেলেনি গাড়ির সওয়ার তথা স্থানীয় ভিলেজ অথরিটির চেয়ারম্যানের।

জনগণনার আগে এনআরসি করা ও অবৈধ কুকি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে একজোট হয়েছে মেইতেই ও নাগারা। তারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদের আমন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অক্টোবরে মণিপুর সফরে যাবেন। এই আবহে গুরুত্বপূর্ণ জনবহুল রাজ্য সড়ক আইটি রোডের উপর জঙ্গি হামলার ঘটনায় বিজেপি-শাসিত উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিতে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। গত মে-জুন মাসে নাগা-কুকি সংঘর্ষের পরে মণিপুর সরকার বেশ কিছুদিন দুই জনগোষ্ঠীর বসতি এলাকার মধ্যে সরকারি বাস পরিষেবা স্থগিত রেখেছিল। সম্প্রতি তা আবার চালু করা হয়েছিল। তা ফের মুলতুবি রাখা হয়েছে।

জঙ্গিহানার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক হয়। সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয়, সম্প্রদায় নির্বিশেষে কারও কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সংঘর্ষবিরতি চুক্তির আওতায় থাকা অথবা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত সশস্ত্র সংগঠনগুলির সদস্যেরা নির্ধারিত শিবিরের বাইরে অস্ত্র নিয়ে চলাফেরা করলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কন্থৌজাম, মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংহ, রাজ্য পুলিশের জিপি মুকেশ সিংহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর-পূর্ব বিষয়ক যুগ্মসচিব ও মণিপুরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।

Manipur NRC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy