মেরুন টি-শার্ট, ডেনিম ট্রাউজ়ার্স, কপালে তিলক, মুখে সরকার বিরোধী স্লোগান। কিছু ক্ষণ পরে দেখা গেল, তাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা। থানা থেকে মুক্তি পাওয়ার পরে সে দাঁড়াল সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।
বুধবার নেট নাগরিকদের আগ্রহ অনেকটাই টেনে নিল আদিত্য নামের এই বালক। পটনার পুনাইচকের একটি বস্তিতে তার বাস। বিক্ষোভকারীদের অনেকের দাবি, তার বয়স ৬ বছর। যদিও তা নিয়ে প্রশ্নও উঠেছে। ৬ বছরে কি এত গুছিয়ে কথা বলা সম্ভব? তবে পুলিশ যে ভাবে তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে, তা-ও সমালোচিত হয়েছে। পুলিশের অবশ্য বক্তব্য, আদিত্যকে আটক করা হয়নি।
সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির ইস্তফার দাবিতে গত কাল উত্তপ্ত হয় পটনা। আজ সমাজমাধ্যমে আদিত্যর বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। দেখা যায়, সে-ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছে। কিছু ক্ষণ পরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেন, ছেলেটিকে আটক করা হয়েছে। পরে থানা থেকে সে বার হওয়ার পরে বিক্ষোভকারীদের চিৎকার, ‘‘জ়েন আলফা, জ়েন আলফা।’’ আদিত্য বলে, ‘‘আপনি এসপি (পুলিশ সুপারি), তাতে কী? এটা পুলিশের কাজ? আপনাদের আর কোথাও যাওয়ার নেই, তাই এখানে এসে মানুষকে মেরে আধমরা করেছেন!’’
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর পোস্ট, ‘বিহারের পড়ুয়াদের প্রশ্ন খুব সহজ। নিয়োগ পরীক্ষায় কেন কারচুপি হচ্ছে? প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না’?