Advertisement
E-Paper

দিল্লি এসআইআর: তিন ভাগের এক ভাগ নাম নেই খসড়া তালিকায়! ১.৪৫ কোটির থেকে বাদ পড়ে গেল ৪৭.৭ লক্ষই

এখনও পর্যন্ত দিল্লির ৯৭.৫ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম হাতে পেয়েছে কমিশন। ৩০ জুন থেকে ১৭ অগস্ট পর্যন্ত চলা এনুমারেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ করেছেন বিএলও-রা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৬:১৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে দিল্লিতে। সেখানে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪৭.৭ লক্ষ ভোটারের নাম। এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগে দেশের রাজধানীর ভোটার তালিকায় ১.৪৫ কোটি ভোটারের নাম ছিল। অর্থাৎ, খসড়া তালিকায় প্রায় প্রতি তিন জনের মধ্যে এক জনের নাম বাদ গিয়েছে।

এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর দিল্লিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ নভেম্বর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ভোটারদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা ফর্ম ৬ এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন। ৩১ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তার পর নাম তোলা কিংবা বাদ দেওয়ার জন্য আবেদনকারীদের দেওয়া নথিপত্র পরীক্ষা করে দেখার কাজ চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর জানিয়েছে, যাঁরা এনুমারেশন ফর্ম জমা দেননি, তাঁদের নাম খসড়়া তালিকায় নেই। বুথ স্তরের আধিকারিক বা বিএলও-রা বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের সঙ্গে আলোচনা করে এই তালিকা তৈরি করেছেন।

এখনও পর্যন্ত দিল্লির ৯৭.৫ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম হাতে পেয়েছে কমিশন। ৩০ জুন থেকে ১৭ অগস্ট পর্যন্ত চলা এনুমারেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ করেছেন বিএলও-রা। যে ৪৭ লক্ষ ৬২ হাজারের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ অন্যত্র চলে গিয়েছেন। কারও আবার দু’জায়গায় নাম ছিল। কেউ এনুমারেশন ফর্ম জমা দেননি। ‘অন্যান্য’ কারণেও খসড়া ভোটার তালিকা থেকে কয়েকজনের নাম বাদ গিয়েছে।

SIR Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy