উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টনের আগেই দুই শিবিরের টানাপড়েন শুরু হয়ে গেল। সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান মন্তব্য করেছেন, অখিলেশ যাদবই বিজেপিকে হারাতে পারেন। কংগ্রেস নিজের জোরে কিছু করতে পারে না। তার জবাবে কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের ভোটের আগে তৃণমূলও বড় বড় কথা বলত। এখন দেখা গেছে, কী হাল হয়েছে। অখিলেশ সক্রিয় হলেন কি না, তাতে কিছু এসে যায় না। কংগ্রেস ছাড়া কিছু হবে না। তাই সমাজবাদী পার্টি দ্রুত আসন সমঝোতা করুক। না হলে কংগ্রেস নিজের মতো প্রস্তুতি শুরু করে দেবে।
অখিলেশ যাদব এর পরে নাম না করে কংগ্রেসের মধ্যে কিছু বিজেপির ‘এজেন্ট’ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এআইসিসি-তে উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম আবার বলেছেন, ইমরান দ্রুত আসন সমঝোতা চেয়েছেন। ভুল কিছু বলেননি।