Advertisement
E-Paper

জ্ঞানেশ-বিতর্ক: ‘ককরোচদের’ আন্দোলনের ডাককে সমর্থন ওয়াংচুকের! বললেন, ‘দেশের এক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চাই’

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচদের’ আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুকও। তবে এ বারের আন্দোলনে তিনি প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকবেন কি না, তা স্পষ্ট করেননি লাদাখের সমাজ ও পরিবেশকর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩
সোনম ওয়াংচুক।

সোনম ওয়াংচুক। — ফাইল চিত্র।

জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝে আগামী ২ অক্টোবর থেকে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের আন্দোলনকে এ বার সমর্থন জানালেন সমাজ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও। তাঁর কথায়, “দেশে সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হল একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। আমি এটিকে পূর্ণ সমর্থন করি।”

এর আগে নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচেরা। তাদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ওই আন্দোলনে শামিল হয়েছিলেন ওয়াংচুকও। তবে এ বারেও আন্দোলনে তিনি নিজে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকবেন কি না, তা স্পষ্ট করেননি পরিবেশকর্মী। “ব্যক্তিগত ভাবে প্রতিটি আন্দোলনে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না হলেও আমি শুরু থেকেই এগুলোর প্রতি সমর্থন জানিয়ে এসেছি,” বলেন সোনম।

লাদাখের সমাজ ও পরিবেশকর্মীর বক্তব্য, “যন্তর মন্তরে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন সিজেপি তুলনামূলক ভাবে ছিল। তখনও আমি ওদের পূর্ণ সমর্থন দিয়েছি। এখন ওদের কণ্ঠস্বর আরও দৃপ্ত হয়েছে। ওদের কণ্ঠস্বর গোটা দেশকে নাড়িয়ে দেবে বলে আমি মনে করি।”

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের ইস্তফার দাবিতে গত কয়েক দিন ধরে ধারাবাহিক সুর চড়িয়ে যাচ্ছে সিজেপি। জ্ঞানেশের ইস্তফার জন্য গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচেরা। পরের দিন, শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে ঘোষণা করেন, সময়সীমার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা না দিলে, আগামী ২ অক্টোবর থেকে ফের আন্দোলন শুরু করবেন তাঁরা।

দীপকে জানান, প্রথমে মুম্বই থেকে এই আন্দোলন শুরু হবে। তার পরে দেশের প্রতিটি শহরে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

CJP Cockroach Janta Party

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy