রাজ্যসভা ভোটে সমাজবাদী পার্টির চমক। প্রথম আসনটিতে দাঁড়াচ্ছেন প্রত্যাশিত প্রার্থী রামগোপাল যাদব। কিন্তু দ্বিতীয় আসনে অখিলেশ যাদবের দল উত্তরপ্রদেশ থেকে দাঁড় করাল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড (আরআইএল)-এর গ্রুপ প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানিকে। আজ রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন নাথওয়ানি। সেই সময়ে উপস্থিত ছিলেন অখিলেশ যাদবও। গুজরাতের বাসিন্দা নাথওয়ানিকে প্রার্থী করার সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। কারণ, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নিজেদের দলেরই কোনও নেতাকে প্রার্থী করা হবে বলে মনে করা হচ্ছিল।
চর্চা চলছে নাথওয়ানিকে নিয়ে। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ৪০ বছরের নাথওয়ানি গুজরাতের ক্রীড়া প্রশাসনের সঙ্গেও যুক্ত। ২০২২ সালে অমিত শাহের উত্তরসূরি হিসেবে তিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সভাপতি হন।
ধনরাজ রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানির ছেলে। পরিমল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় কর্পোরেট অ্যাফেয়ার্স-এর অধিকর্তা। ২০২৪ সালে চতুর্থ বার রাজ্যসভায় নির্বাচিত হন পরিমল। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রণব ঝায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি, যে ঝা ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ঘনিষ্ঠ সহযোগী। ওই রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে ভোট কাটাকাটির মঞ্চ তৈরি করেছিল বিজেপি। ঝাড়খণ্ডে দু’টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের দুই প্রার্থী সরাসরি জিততে পারে জেনেও শিল্পপতি, রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজ়ের ডিরেক্টর-কর্পোরেট অ্যাফেয়ার্স পরিমল নাথওয়ানি বিজেপির সমর্থন নিয়ে রাজ্যসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতে যান। এখন বিষয়টি দাঁড়াল উত্তরপ্রদেশ থেকে বাবা বিজেপির, ছেলে এসপি-র রাজ্যসভার সাংসদ। এসপি-র এক শীর্ষ পর্যায়ের নেতার মতে, ধনরাজকে পাওয়ার ফলে আগামী বছর বিধানসভা নির্বাচনে উপকৃত হবে দল। সূত্রের খবর, বিজেপির হয়ে আটটি এবং এসপি-র হয়ে চারটি মনোনয়নপত্র তোলা হয়েছে। তবে এসপি শেষ পর্যন্ত তিন জন প্রার্থী দেবে। তৃতীয় প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে। তৃতীয় প্রার্থীকে জেতাতে দলের বর্তমান বিধায়কসংখ্যার বাইরে আরও ১০টি ভোট প্রয়োজন হবে।