নিটের পরে এ বার নেট। গত সপ্তাহে ইউজিসি-নেট-এর যে পরীক্ষা হয়েছিল, তারও প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে এ বার অভিযোগ উঠল। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানায় ওই প্রশ্নপত্র সওয়া দু’লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ। এমনিতেই প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গত ১১ দিন ধরে দিল্লির যন্তরমন্তরে অনশন করছেন।তাঁরই সঙ্গে অনশনে বসা জেএনইউ-এর ছাত্র হৃষিকেশ তালুকদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার মোদী সরকারকে নিশানা করে বলেছেন, ‘‘নিট ও নেট-এ বার বার কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেও মোদী সরকার চোখ বুজে শুয়ে রয়েছে। কারণ লক্ষ লক্ষ পড়ুয়ার রাত জেগে পরিশ্রমের কোনও গুরুত্ব নেই। গোটা দেশ জানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর থেকে কোনও জবাবদিহি বা পদক্ষেপ আশা করা বেকার।’’
নিটের মতো নেটেরও আয়োজন করে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অভিযোগ উঠেছে, কলেজে শিক্ষক নিয়োগের যোগ্যতামান অর্জনের নেট পরীক্ষার আগে প্রশ্নের ১০০ পৃষ্ঠার পিডিএফ ফাইল ফাঁস হয়ে গিয়েছিল। তার অনেক প্রশ্নই পরীক্ষায় এসেছে। ছাত্রদের সমস্যা নিয়ে রাহুল ইতিমধ্যেই রাজস্থানের কোটায় জনসভা করেছেন। তবে আগামী সপ্তাহে পটনায় নির্ধারিত জনসভা সাংগঠনিক প্রস্তুতির অভাবে বাতিল করা হচ্ছে।কংগ্রেসের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস ও লক্ষ লক্ষ টাকা দিয়ে তা বিক্রির পিছনে একটি মাফিয়া চক্র কাজ করছে।