ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতার কারণে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বের রেটিং সংস্থাগুলি। তা সত্ত্বেও কিছু ব্যক্তি ভারতের অর্থনীতিকে মৃতবৎ বলে মনে করে— আজ এই ভাবেই কটাক্ষ করেন অমিত শাহ। তাঁর কথায়, ‘‘আসলে যারা মানসিক ভাবে মৃত, তারা অর্থনীতিতে প্রাণের স্পন্দন খুঁজে পান না।’’ শাহ কারও নাম না নিলেও, রাজনীতিকদের মতে, তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
আজ উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অমিত শাহ। অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মঞ্চ থেকেই এ ভাবে রাহুলকে নিশানা করেন শাহ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, প্রত্যাশার তুলনায় অর্থনৈতিক কার্যকলাপ বাড়ায়, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস যথাক্রমে ৭ শতাংশ ও ৬.৯ শতাংশে উন্নীত করেছে বিশ্বের রেটিং সংস্থা এসঅ্যান্ডপি এবং ফিচ। রাহুলদের দাবি, খাতায়-কলমে জিডিপি পরিসংখ্যান বৃদ্ধি পেলেও, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সেই অর্থ বাড়ছে না। চাকরির বাজার ক্রমশ ছোট হয়ে আসছে। বাড়ছে বেকারত্ব। যুবকেরা ছোটখাটো চাকরি করতে বাধ্য হওয়ায় বাড়ছে না পরিবার পিছু আয়।
রাহুলদের সেই আক্রমণের জবাব দিতেই বাণিজ্য মেলা থেকে সরব হন শাহ। কারও নাম না করে তিনি বলেন, ‘‘কিছু ব্যক্তি এমন আছেন, যাঁরা কখনওই দেশের উন্নতি চোখে দেখতে পান না। অথচ, উত্তাল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে।...তা সত্ত্বেও কিছু ব্যক্তি বলেন, ভারতের অর্থনীতি মৃত। আসলে যাদের মানসিকতা মৃতের মতো, তারা ভারতীয় অর্থনীতিতে স্পন্দন খুঁজে পান না।’’