অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলেন অরবিন্দ কেজরীবালেরা। রবিবার দিল্লির রোহিণী এলাকার জাপানিস পার্কে সুন্দরকাণ্ড পাঠ করেন কেজরীবাল, মণীশ সিসৌদিয়া-সহ আম আদমি পার্টি (আপ)-র অন্য শীর্ষনেতারা।
সকালেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে সুন্দরকাণ্ড পাঠের অনুষ্ঠানে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীবাল। ওই পোস্টেই তিনি জানান যে, রামমন্দিরে প্রণামী চুরিতে যাঁরা দোষী, তাঁদের কঠোর শাস্তির জন্য হনুমানের কাছে প্রার্থনা জানাবেন তাঁরা। হনুমানের আশীর্বাদ নিয়ে গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করার কথাও জানিয়েছেন আপ প্রধান।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রামমন্দিরে প্রণামী চুরির বিরুদ্ধে জনমত গঠন করতেই গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করার কথা ভাবছে আপ। কেজরী সমাজমাধ্যমে লিখেছেন, “রামমন্দিরে যাঁরা প্রণামী চুরি করেছেন, তাঁদের কঠোর শাস্তির জন্য আমরা প্রভু হনুমানের কাছে প্রার্থনা করব। তাঁর আশীর্বাদেই আমরা গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরু করছি।” প্রসঙ্গত, রামায়ণের সুন্দরকাণ্ডে রামের তুলনায় হনুমানের বীরত্বের কাহিনি বেশি তুলে ধরা হয়েছে।
বিজেপি অবশ্য কেজরীবালদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে। দিল্লির বিজেপি সভাপতি হর্ষ মলহোত্রের দাবি, পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে বিধানসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে এই ধরনের রাজনৈতিক নাটক করছেন কেজরীবাল।