Advertisement
E-Paper

অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬, পরিস্থিতির উন্নতি হলেও এখনও ৬ জেলার সাড়ে ৬ লক্ষ মানুষ বন্যাকবলিত

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২৭৪টি ত্রাণশিবির থেকে বন্যাকবলিত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছোনোর কাজ করা হচ্ছে। ৮১০টি গ্রাম এখনও জলের তলায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৬:২২
প্লাবিত গুয়াহাটি। ছবি: পিটিআই।

প্লাবিত গুয়াহাটি। ছবি: পিটিআই।

অসমে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে বহু জেলা এখনও প্লাবিত। বন্যাকবলিত এখনও সাড়ে ছয় লক্ষ মানুষ। প্রশাসন সূত্রে খবর, শনিবার তার জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, শিবসাগর জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, চরাইদেও জেলায় মারা গিয়েছেন এক জন। মোট ন’টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চরাইদেও, ডিব্রুগড়, গোলাঘাট, যোরহাট এবং শিবসাগর।

শিবসাগর জেলার প্রায় তিন লক্ষ মানুষ জলবন্দি। তার পরেই রয়েছে চরাইদেও। সেখানে ১ লক্ষ ৯০ হাজার বাসিন্দা বন্যাকবলিত। যোরহাটে ১ লক্ষ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২৭৪টি ত্রাণশিবির থেকে বন্যাকবলিত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছোনোর কাজ করা হচ্ছে। ৮১০টি গ্রাম এখনও জলের তলায়। রাজ্য জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪ হেক্টর জমির ফসল। নদীগুলি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। রাস্তাঘাট, সেতুগুলির ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের বন্যাকবলিত এলাকায়।

কয়েকশো গবাদি পশু ভেসে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে পাঁচশোর বেশি মুরগির খামার। পাঁচটি বড় নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার। ৫৬টি নৌকা নামানো হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে।

Disaster

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy