পল কক্স, জর্জ মিলার, পিটার উইয়ারের মতো বিশ্ববন্দিত অস্ট্রেলীয় চলচ্চিত্র পরিচালকের কাজ বিভিন্ন উৎসবে উপভোগ করেছেন বঙ্গ সিনেমাপ্রেমীরা। এ বার কলকাতা তথা বাংলার জন্য সুখবর এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি অস্ট্রেলিয়া সফরে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্রিফিথ ফিল্ম স্কুলের মধ্যে আজ একটি সহযোগিতা চুক্তি সই হল। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, সিনেমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ শিক্ষাক্রম এবং কর্মশালা শুরু হবে এই চুক্তির অধীনে। সিনেমা এবং সমধর্মী ক্ষেত্রে যৌথ প্রকল্প, সামার স্কুল এবং স্বল্পমেয়াদি কর্মশালার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের আদানপ্রদান হবে। সূত্রে জানানো হয়েছে, পুরোদস্তুর ফিল্ম ছাড়াও অ্যানিমেশন, গেম ডিজ়াইনে এই গ্রিফিথ স্কুলের বিশ্বব্যাপী নাম রয়েছে। বিশেষত অ্যানিমেশনের ক্ষেত্রে এটি বিশ্বের সেরা ১০টি ফিল্ম স্কুলের অন্যতম। রাজনৈতিক শিবিরের বক্তব্য, পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার তৈরি হওয়ার পরে রাজ্যে নিত্য নতুন প্রকল্প আনতে সক্রিয় শাসক দল। ভোটের ফলাফলের মাস দুয়েকের মধ্যেই কলকাতার জন্য এই উপহার দিয়ে বিজেপি রাজ্যের মানুষকে সুস্পষ্ট বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।