অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধৃত ও গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক, ইসমাইল হোসেন (৩৫) এবং খাজা আব্দুল আলিম মণ্ডল (৩৯)-এর জামিনের আবেদন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠাল বাংলাদেশের আদালত। তবে তাঁরা ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে আসেননি এবং বিএসএফ গুলি করে তাঁদের জোর করে সে দেশে ‘পুশ ইনে’র চেষ্টা করেছে বলে আইনজীবী দাবি করায় আদালত ২৭ অক্টোবর পরের শুনানির তারিখ ধার্য করেছে।
উল্লেখ্য, ৪ অক্টোবর অসমের দক্ষিণ শালমারা-মানকাচরের বাসিন্দা ওই দুই ব্যক্তি সীমান্ত লাগোয়া এলাকায় চাষের কাজে গিয়ে নিখোঁজ হন। পরে বাংলাদেশের সংবাদপত্রে জানা যায়, তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের চর এলাকায় পাওয়া গিয়েছে। চিকিৎসার পরে তাঁদের হাসপাতাল থেকে রংপুরের জেলে নিয়ে যাওয়া হয়।
আদালত প্রথম শুনানিতে ধৃতদের জামিনের আবেদন বাতিল করলেও বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে গোটা বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।